সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি
সিলেটের জকিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিরাজমান উত্তেজনার মাঝেই মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৬৫ বছর বয়সী এক ভারতীয় কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হস্তান্তরিত ভারতীয় কৃষকের নাম রঞ্জিত দাস (৬৫)। সীমান্তবর্তী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) ভোরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার যুবক ডিপজল (২৬) ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশের পর নিখোঁজ হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঠিক একই সময়ে ভারতের সীমান্ত থেকে রঞ্জিত দাস নামের ওই কৃষক বাংলাদেশ সীমান্তে চলে আসলে নিখোঁজ যুবকের ক্ষুব্ধ স্বজনরা তাকে আটকে বাংলাদেশে নিয়ে আসেন। বিষয়টি দ্রুত বিজিবি ও বিএসএফের নজরে আসলে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত রাখত
সিলেটের জকিগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে বিরাজমান উত্তেজনার মাঝেই মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ৬৫ বছর বয়সী এক ভারতীয় কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হস্তান্তরিত ভারতীয় কৃষকের নাম রঞ্জিত দাস (৬৫)।
সীমান্তবর্তী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৫ জুন) ভোরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার যুবক ডিপজল (২৬) ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশের পর নিখোঁজ হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঠিক একই সময়ে ভারতের সীমান্ত থেকে রঞ্জিত দাস নামের ওই কৃষক বাংলাদেশ সীমান্তে চলে আসলে নিখোঁজ যুবকের ক্ষুব্ধ স্বজনরা তাকে আটকে বাংলাদেশে নিয়ে আসেন। বিষয়টি দ্রুত বিজিবি ও বিএসএফের নজরে আসলে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় রঞ্জিত দাসকে উদ্ধার করে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়। সীমান্তে দুই বাহিনীর এমন দ্রুত ও মানবিক উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী বলেন, গত সোমবার ভোরে ডিপজল ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে গেলে বিএসএফ গুলি ছোড়ে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ আছেন। তবে পরবর্তী সময়ে বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে।
চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখায় আসেন ভারতীয় নাগরিক রঞ্জিত দাস। এ সময় নিখোঁজ যুবকের ক্ষুব্ধ স্বজনেরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে দুই বাহিনীই সমন্বিতভাবে কাজ করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে এক ভারতীয় কৃষককে বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে সমাধান করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়ে কেউ আইনিভাবে অভিযোগ করেননি। নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকেও অবহিত করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে জানার পর বিএসএফের কাছেও জানতে চাওয়া হয়েছিল। তারা বাংলাদেশি কাউকে পায়নি এবং সীমান্ত এলাকায় গুলি চালায়নি বলে আমাদেরকে জানিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, স্থানীয়ভাবে জানা গেছে ঘটনার দিন ৫-৬ জন বাংলাদেশি সীমান্তের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে কয়েকজন ফিরে আসতে পারলেও একজন নিখোঁজ হন, যাকে এখনও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক জিডি বা অভিযোগ পাওয়া যায়নি। বিজিবি বা বিএসএফের পক্ষ থেকেও কোনো দাপ্তরিক তথ্য মেলেনি। সীমান্ত সংক্রান্ত বিষয় হওয়ায় বিজিবির অনুমতি ছাড়া পুলিশের সরাসরি অনুসন্ধানের সুযোগও সীমিত বলে তিনি জানান।
What's Your Reaction?