সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, স্পিড ম্যানেজমেন্ট ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর ওপর নবনির্মিত ‘শাহ ফতেহ আলী সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বছরভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে শেখ রবিউল আলম দাবি করেন, আগের তুলনায় দেশে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি সড়ক দুর্ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, চালকদের ফিটনেস পরীক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যবস্থা চালু করা হয়েছে এবং শিগ্‌গিরই এর সুফল পাওয়া যাবে। সড়ক পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতি দূর করতে সরকার ধীরে ধীরে উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে জনগণের সচেতনতা, দক্ষ চালক ও ফিটনেসযুক্ত যানবাহন নিশ্চিত করা জরুরি। এ জন্য বিআরটিএ, বিআরটিসি ও হাইওয়ে

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, স্পিড ম্যানেজমেন্ট ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও সহযোগিতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর ওপর নবনির্মিত ‘শাহ ফতেহ আলী সেতু’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বছরভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে শেখ রবিউল আলম দাবি করেন, আগের তুলনায় দেশে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি সড়ক দুর্ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, চালকদের ফিটনেস পরীক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যবস্থা চালু করা হয়েছে এবং শিগ্‌গিরই এর সুফল পাওয়া যাবে।

সড়ক পরিবহন খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতি দূর করতে সরকার ধীরে ধীরে উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনা কমাতে জনগণের সচেতনতা, দক্ষ চালক ও ফিটনেসযুক্ত যানবাহন নিশ্চিত করা জরুরি। এ জন্য বিআরটিএ, বিআরটিসি ও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতন করা হচ্ছে।

চালকদের মাদকাসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে আইন পরিবর্তনের পাশাপাশি চালকদের ডোপ টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের অনেক চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা এবং আইন সম্পর্কে সীমিত জ্ঞানের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষা নেওয়া হচ্ছে। একই সঙ্গে চালকের মানসিক ও শারীরিক সক্ষমতা এবং যানবাহনের উপযোগী ফিটনেস নিশ্চিত করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলার পর সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জেলার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এতে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের জেলা শহরে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন।

এর আগে বিকেল ৪টায় সেতুমন্ত্রী বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোন উদ্বোধন করেন। এতে করে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

জানা গেছে, নতুন এই জোন গঠনের ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ এই পাঁচ জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য আর রংপুরে যেতে হবে না। এখন থেকে এই জেলাগুলোর জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার এবং ট্রাফিক ব্যবস্থাপনার যাবতীয় কার্যক্রম বগুড়া জোন থেকেই সরাসরি পরিচালিত হবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের পাশাপাশি কাজের গতি ও কার্যকারিতা বহুলাংশে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow