হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প
হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানীর আশকোনা হজক্যাম্প। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিরা এখানে হাজির হয়েছেন। তারা যাত্রার প্রাথমিক আনুষ্ঠানিকতা এখানেই সম্পন্ন করছেন। সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ হজযাত্রী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ (৫৯) শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাত্রা করবেন। এজন্য বৃহস্পতিবারই তিনি হজক্যাম্পে চলে এসেছেন। আলাপকালে আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, ‘হজে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিয়ত করেছিলাম, চাকরি থেকে অবসর নেওয়ার আগেই হজে যাবো। আল্লাহতাআলা আমার নিয়ত, আমার ডাক কবুল করেছেন। আমি কাবাঘরের দেয়াল ধরে নিজের গুনাহ মাফ চাওয়ার সুযোগ পেতে যাচ্ছি। একই সঙ্গে দেশবাসীর জন্য
হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠছে রাজধানীর আশকোনা হজক্যাম্প। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিরা এখানে হাজির হয়েছেন। তারা যাত্রার প্রাথমিক আনুষ্ঠানিকতা এখানেই সম্পন্ন করছেন।
সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ হজযাত্রী।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল লতিফ (৫৯) শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাত্রা করবেন। এজন্য বৃহস্পতিবারই তিনি হজক্যাম্পে চলে এসেছেন।
আলাপকালে আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, ‘হজে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিয়ত করেছিলাম, চাকরি থেকে অবসর নেওয়ার আগেই হজে যাবো। আল্লাহতাআলা আমার নিয়ত, আমার ডাক কবুল করেছেন। আমি কাবাঘরের দেয়াল ধরে নিজের গুনাহ মাফ চাওয়ার সুযোগ পেতে যাচ্ছি। একই সঙ্গে দেশবাসীর জন্য দোয়া করবো। দেশের মানুষও যাতে সব হাজিদের জন্য দোয়া করেন।’
মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুস সাত্তার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনিও বৃহস্পতিবার ক্যাম্পে আসেন। শনিবার ভোর সাড়ে ৪টায় তার ফ্লাইট।
হজে যাওয়ার অনুভূতি প্রকাশ করে বিশ্বাস আব্দুস সাত্তার বলেন, ‘যখন বুঝতে শিখছি, তখন থেকেই হজে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছি। তারপর কর্মজীবনে আরও আগ্রহ বাড়ে। এখন অবসর নেওয়ার পর আল্লাহ আমাকে কবুল করেছেন। এতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’
আজ সকালে স্ত্রীকে নিয়ে ক্যাম্পে হাজির হন চাঁপাইনবাবগঞ্জের মো. সাদিকুল আহাসান। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তার ফ্লাইট। তিনি বলেন, ‘স্ত্রীকে নিয়ে হজে যাওয়ার জন্য দুই-তিন বছর আগে নিয়ত করেছিলাম। আল্লাহ এ বছর আমাদের কবুল করেছেন। সুস্থভাবে হজ সম্পন্ন করতে দেশবাসীর কাছে দোয়া চাই।’
সাদিকুল আহাসান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দূরত্ব অনেক। তাই ফ্লাইটের একদিন আগেই ট্রেনে করে চলে এসেছেন। ক্যাম্পের ভেতরে তাদের থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তবে মোয়াল্লেমের মাধ্যমে বাইরের হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। এসময় তিনি ক্যাম্পের পরিবেশে সন্তুষ্ট প্রকাশ করেন।
হজক্যাম্পের সংশ্লিষ্টরা জানান, আজ রাত থেকে ভোর পর্যন্ত মোট ১৪টি ফ্লাইট রয়েছে। যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্স ও চারটি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সৌদিয়া ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহন করবে।
হজে যাওয়ার ফ্লাইট ২১ মে শেষ হবে। এতে ২০৭টি ফ্লাইটের মধ্যে বিমান ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।
এমএমএ/একিউএফ
What's Your Reaction?