আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাব সেবায় যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক পরীক্ষার যন্ত্র। নতুন এসব মেশিন চালুর ফলে রোগীরা আগের তুলনায় কম সময়ে আরও নির্ভুল পরীক্ষার রিপোর্ট পাবেন, যা দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে সহায়ক হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার, এবিসি কর্পোরেশন ও ভিক্টর ট্রেডিং বিনামূল্যে আধুনিক ল্যাবরেটরি মেশিন সরবরাহ করেছে। নতুন যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সেল কাউন্টার, হরমোন অ্যানালাইজার, ইউরিন অ্যানালাইজার, ইএসআর অ্যানালাইজার এবং ইলেকট্রোলাইট অ্যানালাইজারসহ বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম। এর মধ্যে চারটি ইউরোপে তৈরি, আর বাকি যন্ত্রগুলো ভারত ও চীনে প্রস্তুত। রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, নতুন কয়েকটি মেশিন ইতোমধ্যে বহির্বিভাগের প্যাথলজি বিভাগে চালু হয়েছে। এসব যন্ত্রে আগের তুলনায় দ্রুত, নির্ভুল ও মানসম্মত রিপোর্ট পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের কার্ডিয়াক ল্যাবে ব্যবহৃত আগের পয়েন্ট অব কেয়ার টেস্টিং (পিওসিটি) অ্যানালাইজারে প্রতিটি পরীক্ষা আলাদাভাবে করতে হতো।

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাব সেবায় যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক পরীক্ষার যন্ত্র। নতুন এসব মেশিন চালুর ফলে রোগীরা আগের তুলনায় কম সময়ে আরও নির্ভুল পরীক্ষার রিপোর্ট পাবেন, যা দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে সহায়ক হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার, এবিসি কর্পোরেশন ও ভিক্টর ট্রেডিং বিনামূল্যে আধুনিক ল্যাবরেটরি মেশিন সরবরাহ করেছে। নতুন যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সেল কাউন্টার, হরমোন অ্যানালাইজার, ইউরিন অ্যানালাইজার, ইএসআর অ্যানালাইজার এবং ইলেকট্রোলাইট অ্যানালাইজারসহ বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম। এর মধ্যে চারটি ইউরোপে তৈরি, আর বাকি যন্ত্রগুলো ভারত ও চীনে প্রস্তুত।

রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ বলেন, নতুন কয়েকটি মেশিন ইতোমধ্যে বহির্বিভাগের প্যাথলজি বিভাগে চালু হয়েছে। এসব যন্ত্রে আগের তুলনায় দ্রুত, নির্ভুল ও মানসম্মত রিপোর্ট পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের কার্ডিয়াক ল্যাবে ব্যবহৃত আগের পয়েন্ট অব কেয়ার টেস্টিং (পিওসিটি) অ্যানালাইজারে প্রতিটি পরীক্ষা আলাদাভাবে করতে হতো। ফলে রিপোর্ট পেতে সময় লাগার পাশাপাশি নির্ভুলতার সীমাবদ্ধতাও ছিল।

এর পরিবর্তে নতুন যুক্ত হওয়া ম্যাগলুমি এক্স থ্রি অ্যানালাইজার কেমিলুমিনেসেন্স ইমিউনোঅ্যাসে প্রযুক্তিনির্ভর হওয়ায় উচ্চ সংবেদনশীলতা ও নির্ভুলতায় প্রতি ঘণ্টায় প্রায় ২০০টি পরীক্ষা সম্পন্ন করতে পারে। একই সঙ্গে পরীক্ষার ব্যয়ও তুলনামূলক কম।

হাসপাতাল সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত এই প্রযুক্তির মেশিন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন শীর্ষ হাসপাতালেও ব্যবহৃত হচ্ছে।

এদিকে বহির্বিভাগের ল্যাবে নতুন ফাইভ-পার্ট ইলেকট্রোলাইট অ্যানালাইজার সংযোজন করা হয়েছে। আগের থ্রি-পার্ট অ্যানালাইজারে যেখানে সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড পরীক্ষা করা যেত, সেখানে নতুন যন্ত্রে পিএইচ ও বাইকার্বোনেটসহ পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান পরীক্ষা সম্ভব হচ্ছে। এতে রোগ নির্ণয় আরও দ্রুত ও নির্ভুল হবে।

এ ছাড়া নতুন ইএসআর অ্যানালাইজার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গোল্ড স্ট্যান্ডার্ড ওয়েস্টারগ্রেন পদ্ধতিতে পরীক্ষা সম্পন্ন করে, যা অধিক নির্ভুল ফলাফল নিশ্চিত করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসব মেশিন সংগ্রহে সমন্বয় করেন রাজশাহী নগরের রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান। তাঁর উদ্যোগে হেলথ কেয়ার, এবিসি কর্পোরেশন ও ভিক্টর ট্রেডিং হাসপাতালটিকে বিনামূল্যে যন্ত্রগুলো সরবরাহ করে।

মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের পুরোনো যন্ত্রপাতির কারণে রোগীদের রিপোর্ট পেতে বিলম্ব হতো। নতুন মেশিন যুক্ত হওয়ায় দ্রুত পরীক্ষা সম্পন্ন হবে, রোগীর ভোগান্তি কমবে এবং পরীক্ষার খরচও আগের তুলনায় হ্রাস পাবে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, নতুন যন্ত্রগুলোতে কম খরচে বেশি প্যারামিটার পরীক্ষা করা সম্ভব হচ্ছে। পাশাপাশি পুরোনো মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে যে সেবা বিঘ্নিত হতো, নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমে আসবে। তবে প্রয়োজন অনুযায়ী পুরোনো মেশিনও ব্যবহার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow