আমেরিকার মাটিতে বাংলাদেশের ছোঁয়া: জর্জিয়ার এক সবুজ সকাল

জর্জিয়াতে চার দিন কাটানোর অভিজ্ঞতার প্রথম দিনটিই যেন হয়ে উঠেছিল প্রকৃতি, পরিশ্রম আর প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধনের গল্প। গত ২২ মে ইন্ডিয়ানা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই জর্জিয়া অঙ্গরাজ্যের শান্ত ও পরিচ্ছন্ন ক্যাথলিন আবাসিক এলাকায়, আমার শ্যালক নীহার দাসের বাড়িতে। রাত তখন প্রায় চারটা। দীর্ঘ যাত্রার ক্লান্তি শরীরজুড়ে থাকলেও নতুন পরিবেশের প্রতি এক ধরনের কৌতূহল মনকে জাগিয়ে রেখেছিল। গভীর রাতের নীরবতায় চারপাশের পরিচ্ছন্ন আবাসিক এলাকাটি যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দিচ্ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে তখন সকাল নয়টা। জানালার বাইরে নরম রোদ, পাখির ডাক আর হালকা বাতাস মিলে সকালটাকে করে তুলেছিল অসাধারণ স্নিগ্ধ। নাস্তা শেষে বাড়িটির পেছনের ব্যাকইয়ারডে পা রাখতেই যেন চোখের সামনে খুলে গেল এক অন্য জগৎ। আমেরিকার শহরতলির বাড়িগুলোর পেছনের উঠান যে এতটা পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং প্রযুক্তিনির্ভর হতে পারে, সেই বাগানটি না দেখলে হয়তো বিশ্বাসই করা কঠিন হতো। প্রকৃতি, শ্রম আর আধুনিক প্রযুক্তির এক চমৎকার সমন্বয়ে গড়ে ওঠা সেই ব্যাকইয়ারড বাগান মুহূর্তেই আমাকে মুগ্

আমেরিকার মাটিতে বাংলাদেশের ছোঁয়া: জর্জিয়ার এক সবুজ সকাল

জর্জিয়াতে চার দিন কাটানোর অভিজ্ঞতার প্রথম দিনটিই যেন হয়ে উঠেছিল প্রকৃতি, পরিশ্রম আর প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধনের গল্প। গত ২২ মে ইন্ডিয়ানা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই জর্জিয়া অঙ্গরাজ্যের শান্ত ও পরিচ্ছন্ন ক্যাথলিন আবাসিক এলাকায়, আমার শ্যালক নীহার দাসের বাড়িতে। রাত তখন প্রায় চারটা। দীর্ঘ যাত্রার ক্লান্তি শরীরজুড়ে থাকলেও নতুন পরিবেশের প্রতি এক ধরনের কৌতূহল মনকে জাগিয়ে রেখেছিল। গভীর রাতের নীরবতায় চারপাশের পরিচ্ছন্ন আবাসিক এলাকাটি যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দিচ্ছিল।

পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ঘড়িতে তখন সকাল নয়টা। জানালার বাইরে নরম রোদ, পাখির ডাক আর হালকা বাতাস মিলে সকালটাকে করে তুলেছিল অসাধারণ স্নিগ্ধ। নাস্তা শেষে বাড়িটির পেছনের ব্যাকইয়ারডে পা রাখতেই যেন চোখের সামনে খুলে গেল এক অন্য জগৎ। আমেরিকার শহরতলির বাড়িগুলোর পেছনের উঠান যে এতটা পরিকল্পিত, পরিচ্ছন্ন এবং প্রযুক্তিনির্ভর হতে পারে, সেই বাগানটি না দেখলে হয়তো বিশ্বাসই করা কঠিন হতো। প্রকৃতি, শ্রম আর আধুনিক প্রযুক্তির এক চমৎকার সমন্বয়ে গড়ে ওঠা সেই ব্যাকইয়ারড বাগান মুহূর্তেই আমাকে মুগ্ধ করে দেয়।

jagonews

বাড়িটির ব্যাকইয়ারডে বিস্তৃত সবুজ উঠানে পা রাখতেই মনে হলো যেন ছোট্ট এক কৃষি গবেষণা কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। সারি সারি গাছ, কাঠ ও ধাতব ফ্রেমে তৈরি উঁচু বেড, পরিচ্ছন্ন হাঁটার পথ, ঝুলন্ত টব আর ছোট্ট একটি স্বচ্ছ গ্রীনহাউজ সব মিলিয়ে পুরো পরিবেশে ছিল এক অনন্য সৌন্দর্য ও শৃঙ্খলা। বাংলাদেশে আমরা সাধারণত বাড়ির উঠানে মাটিতেই চাষাবাদ করি। কিন্তু আমেরিকার উঠান বাগানে অধিকাংশ ক্ষেত্রেই রেইজড বেড বা উঁচু কাঠের বেড ব্যবহার করা হয়। এতে মাটির গুণগত মান নিয়ন্ত্রণ করা সহজ হয়, পানি জমে না এবং আগাছাও তুলনামূলক কম জন্মায়।

বাগানের একপাশে ছিল নানা ধরনের ফলের গাছ। প্রবাসের মাটিতে আম, জাম, পেয়ারা, আতা কিংবা ডালিমের গাছ দেখে মুহূর্তেই যেন বাংলাদেশের গ্রামের স্মৃতি মনে ভেসে উঠল। লেবু, জলপাই ও আঙুরের লতা বেড়া জুড়ে ছড়িয়ে পড়েছে। স্ট্রবেরির ছোট্ট সারিগুলো মাটির খুব কাছে বিছিয়ে আছে, যেন সবুজের মধ্যে লাল রঙের ছোট ছোট মুক্তা। আরেক পাশে ছিল লাউ, কুমড়া ও শশার মাচা। অত্যন্ত পরিকল্পিতভাবে দড়ি ও ধাতব জালের সাহায্যে লতাগুলোকে ওপরে তোলা হয়েছে। এতে ফল পরিষ্কার থাকে এবং রোগবালাইও কম হয়।

jagonews

সবজি অংশে গিয়ে চোখ আটকে গেল লালশাক, পালংশাক, পাটশাক, জোগেনী শাক, করলা, পটল, মটরশুঁটি, টমেটো, বেগুন, বাঁধাকপি ও ফুলকপির সারিগুলোতে। প্রতিটি গাছের গোড়ায় কাঠের গুঁড়ো, শুকনো পাতা কিংবা খড়ের মতো আবরণ দেওয়া হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় মালচিং। এর ফলে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়, আগাছা কম জন্মায় এবং অতিরিক্ত গরমেও গাছের শিকড় সুরক্ষিত থাকে। সবজির সারিগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, যেন বাংলাদেশের কোনো গ্রামীণ উঠান বিদেশের মাটিতে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

বাংলাদেশের বাড়ির উঠান বাগানের সঙ্গে আমেরিকার ব্যাকইয়ারড বাগানের একটি বড় পার্থক্য হলো প্রযুক্তির ব্যবহার। এখানে প্রায় প্রতিটি কাজই পরিকল্পিত ও যন্ত্রনির্ভর। বাগানে দেখা গেল স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। মাটির নিচ দিয়ে পাইপ বসানো হয়েছে এবং নির্দিষ্ট সময়ে টাইমার অনুযায়ী পানি পড়ে। কোথাও ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যেখানে গাছের গোড়ায় ধীরে ধীরে ফোঁটা ফোঁটা পানি পৌঁছে যায়। এতে পানির অপচয় কম হয় এবং গাছও পর্যাপ্ত আর্দ্রতা পায়।

jagonews

বাগানে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে ছিল বৈচিত্র্য, যেখানে ছোট বৈদ্যুতিক টিলার দিয়ে মাটি ঝুরঝুরে করা হয়, লন মাওয়ার দিয়ে ঘাস কাটা হয়, প্রুনার ও হেজ ট্রিমার দিয়ে গাছ ও ডাল ছাঁটা হয় এবং হ্যান্ড টুল দিয়ে আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যাটারিচালিত স্প্রেয়ার দিয়ে জৈব কীটনাশক ছিটানো হয় এবং মাটির আর্দ্রতা ও তাপমাত্রা পরিমাপের জন্য ডিজিটাল সেন্সর ব্যবহার করা হয়, যাতে কোন গাছে কখন পানি বা সার প্রয়োজন তা সহজে বোঝা যায়; এই প্রযুক্তি বাগান পরিচর্যাকে সহজ করার পাশাপাশি সময় ও শ্রমও কমিয়ে দিয়েছে। ছোট্ট গ্রীনহাউজটি ছিল বাগানের অন্যতম আকর্ষণ, স্বচ্ছ পলিকার্বোনেট ও প্লাস্টিকের দেয়ালে ঘেরা এই ঘরের ভেতরে ঢুকতেই উষ্ণতার অনুভূতি পাওয়া যায়।

নীহার দাস জানান, আমেরিকার অনিয়মিত আবহাওয়ায় কখনো ঠান্ডা বা ঝড়ো বাতাসে গাছ ও চারার ক্ষতি হয়, তাই চারাগাছ রক্ষা ও শীতকালে গাছ বাঁচাতে গ্রীনহাউজ খুব কার্যকর; এর ভেতরের পরিবেশ উষ্ণতা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা হয়। আর দিনের আলো প্রবেশের জন্য স্বচ্ছ দেয়াল থাকলেও অতিরিক্ত গরমে ভেন্টিলেশন রাখা হয়। তার মতে, গ্রীনহাউজ গাছকে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করার পাশাপাশি সারা বছর সুস্থ ও সতেজ চারা উৎপাদনের সুযোগ তৈরি করে।

jagonews

সারের ক্ষেত্রেও এখানে বেশ সচেতনতা লক্ষ্য করা যায়। আমেরিকায় জৈব সারের ব্যবহার তুলনামূলক বেশি হলেও জৈবসহ প্রায় সব ধরনের সারই প্যাকেটজাত আকারে বিভিন্ন গার্ডেন সেন্টার ও সুপারশপে সহজেই পাওয়া যায় বলে নীহার দাস জানান। গাছের ধরন ও মাটির চাহিদা অনুযায়ী নাইট্রোজেন, ফসফরাস ও পটাশসমৃদ্ধ তরল বা দানাদার সার নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা হয়। তার মতে, পরিকল্পিত সার প্রয়োগে গাছ যেমন দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে, তেমনি বাগান পরিচর্যাও সহজ ও কার্যকর হয়। আগাছা দমনের ক্ষেত্রেও আমেরিকার বাগানগুলো পরিকল্পিত। নীহার দাস জানান, অনেকেই আগাছানাশক ব্যবহার না করে হাতে আগাছা পরিষ্কার করেন বা মালচিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, আবার কোথাও উইড ব্যারিয়ার ফ্যাব্রিক ব্যবহার করা হয় যাতে আগাছা না জন্মায়। এতে বাগান পরিচ্ছন্ন থাকে এবং পরিবেশ দূষণের ঝুঁকিও কমে যায়। তার কথায়, এখানে বাগান শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং পরিবেশবান্ধবভাবে গাছের যত্ন নেওয়াকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সবচেয়ে মুগ্ধ করার বিষয় ছিল বাগানটির নান্দনিকতা। সময় কাটানোর জন্য সেখানে নকশাকরা বসার চেয়ার, দোলনা এবং খেলাধুলার জন্য কিছু সরঞ্জামও সুন্দরভাবে সাজানো ছিল। ফল ও সবজির পাশাপাশি বিভিন্ন দেশি ও বিদেশি ফুলে পুরো উঠানটি যেন রঙিন এক চিত্রপটে পরিণত হয়েছে। গোলাপ, ডালিয়া, লিলি, গাঁদা, পিটুনিয়া, জুঁই কিংবা নানা রঙের মৌসুমি ফুল চারপাশকে করে তুলেছে আরও প্রাণবন্ত। আমেরিকার বাড়িগুলোতে ব্যাকইয়ারড শুধু চাষাবাদের জায়গা নয়; এটি একই সঙ্গে বিশ্রাম, সৌন্দর্য ও পারিবারিক সময় কাটানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির সবুজ আর ফুলের রঙে ঘেরা এই স্থান যেন দৈনন্দিন ব্যস্ততার মাঝেও একটুকরো শান্তির আশ্রয়।

jagonews

দুপুরে বাগানের তাজা শাকসবজি দিয়েই রান্নার আয়োজন করেন নীহার দাসের সহধর্মিণী সোমাসাহা দাস। বাগান থেকে তোলা শাকপাতার সেই ঘ্রাণমাখা রান্নায় যেন মিশে ছিল প্রকৃতির নিজস্ব স্বাদ। অনেকদিন পর দেশীয় শাকসবজি দিয়ে সবাই মিলে একসঙ্গে তৃপ্তি করে দুপুরের খাবার গ্রহণ করলাম। খাওয়ার টেবিলে আমার বেয়াইন বিউটি মণ্ডলসহ সবাই সোমার রান্নার ভূয়সী প্রশংসা করেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও ঘরের স্বাদ আর আপনজনের উষ্ণতা কীভাবে এক টেবিলে ফিরে আসে।

বিকেলে আমরা আবার ফিরে যাই ব্যাকইয়ারডের সবুজ পরিবেশে, যেখানে খোলা আকাশের নিচে পারিবারিক হাসি, আড্ডা আর ছোট ছোট মুহূর্তগুলো যেন সময়কে থমকে দিয়েছিল। বাঁশরী দিদিভাইয়ের প্রাণবন্ত ছোটাছুটি ও খেলাধুলা, কারো কারো আলস্যভরা বসে থাকা এবং চারপাশে ফুল ও সবুজের শান্ত উপস্থিতি মিলিয়ে বিকেলটি হয়ে ওঠে এক অপার্থিব পারিবারিক আবহ। সন্ধ্যার কোমল আলো নামতে থাকলে মনে হচ্ছিল, প্রবাসের মাটিতেও মানুষ কত যত্নে নিজের শেকড়কে বাঁচিয়ে রাখে। হাজার মাইল দূরে থেকেও তারা ধরে রেখেছে বাংলার মাটি, গাছ ও স্বাদ। আধুনিক প্রযুক্তি, পরিকল্পনা ও শ্রমের সমন্বয়ে নীহার দাসের এই ব্যাকইয়ারড বাগান দেখায় কীভাবে একটি ছোট্ট উঠানও সবুজের স্বপ্নরাজ্যে পরিণত হতে পারে। পুরো দিনটি তাই শুধু বাগান দেখার অভিজ্ঞতা নয়, বরং প্রবাসে থেকেও শেকড়কে ধরে রাখার এক গভীর ও ও হৃদয়ছোঁয়া অনুপ্রেরণার গল্প হয়ে রয়ে গেল।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow