এআইনির্ভর লেখালেখি: সৃজনশীলতার নীরব সংকট

তাসনিয়া তাবাচ্ছুমচতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গবেষণা কিংবা যোগাযোগ সবখানেই এর উপস্থিতি দৃশ্যমান। এরই ধারাবাহিকতায় লেখালেখির জগতেও কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতি সরব। মাত্র কয়েকটি নির্দেশনা দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে প্রবন্ধ, গল্প, কবিতা, সংবাদ প্রতিবেদন কিংবা গবেষণার খসড়া তৈরি করে দিচ্ছে বিভিন্ন এআইভিত্তিক প্ল্যাটফর্ম। প্রযুক্তির এই সক্ষমতা নিঃসন্দেহে বিস্ময়কর। কিন্তু এর আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটি নীরব সংকট সৃজনশীলতা, মৌলিক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংকট। মানুষের লেখালেখি কেবল শব্দের সমষ্টি নয়, এটি চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের বহিঃপ্রকাশ। একজন লেখক যখন একটি লেখা তৈরি করেন, তখন তিনি তথ্য সংগ্রহ করেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিচার করেন, যুক্তি নির্মাণ করেন এবং নিজের ভাষায় তা প্রকাশ করেন। এই পুরো প্রক্রিয়াই মানুষের চিন্তাশক্তিকে শাণিত করে। কিন্তু যখন একটি যন্ত্র সেই কাজ করে দেয়, তখন চিন্তার এই অনুশীলন ক্রমেই বিলুপ্ত হতে থাকে। আরও পড়ুন ডিজিটাল ডিভাইস শিশুর জ

এআইনির্ভর লেখালেখি: সৃজনশীলতার নীরব সংকট

তাসনিয়া তাবাচ্ছুম
চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, গবেষণা কিংবা যোগাযোগ সবখানেই এর উপস্থিতি দৃশ্যমান। এরই ধারাবাহিকতায় লেখালেখির জগতেও কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতি সরব। মাত্র কয়েকটি নির্দেশনা দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে প্রবন্ধ, গল্প, কবিতা, সংবাদ প্রতিবেদন কিংবা গবেষণার খসড়া তৈরি করে দিচ্ছে বিভিন্ন এআইভিত্তিক প্ল্যাটফর্ম। প্রযুক্তির এই সক্ষমতা নিঃসন্দেহে বিস্ময়কর। কিন্তু এর আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছে একটি নীরব সংকট সৃজনশীলতা, মৌলিক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার সংকট।

মানুষের লেখালেখি কেবল শব্দের সমষ্টি নয়, এটি চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের বহিঃপ্রকাশ। একজন লেখক যখন একটি লেখা তৈরি করেন, তখন তিনি তথ্য সংগ্রহ করেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিচার করেন, যুক্তি নির্মাণ করেন এবং নিজের ভাষায় তা প্রকাশ করেন। এই পুরো প্রক্রিয়াই মানুষের চিন্তাশক্তিকে শাণিত করে। কিন্তু যখন একটি যন্ত্র সেই কাজ করে দেয়, তখন চিন্তার এই অনুশীলন ক্রমেই বিলুপ্ত হতে থাকে।

গভীর উদ্বেগের বিষয় হলো, অনেক ক্ষেত্রে এআইকে সহায়ক নয় বরং বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। গবেষকরা সতর্ক করছেন যে, নিয়মিত এআই-নির্ভরতা মানুষের সমালোচনামূলক চিন্তাশক্তি দুর্বল করতে পারে। প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন যত দ্রুত হচ্ছে, মানুষের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা ততটা বিকশিত হচ্ছে কি না সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এআই নির্ভর লেখালেখির ক্ষেত্রে একজন মানুষের সবচেয়ে বড় ক্ষতি হয় মৌলিক চিন্তার। কারণ এআই মূলত বিদ্যমান তথ্যের ভিত্তিতে নতুন বাক্য নির্মাণ করে। এটি তথ্য সাজাতে পারে, ভাষা পরিমার্জন করতে পারে কিন্তু মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ, নৈতিক অবস্থান কিংবা সামাজিক বাস্তবতার গভীর উপলব্ধি তৈরি করতে পারে না। ফলে এআই-নির্ভর লেখাগুলোর ভাষা অনেক সময় চমৎকার হলেও চিন্তার গভীরতা সীমিত থাকে। দীর্ঘমেয়াদে এটি এমন একটি প্রজন্ম তৈরি করতে পারে, যারা তথ্য উপস্থাপন করতে পারবে, কিন্তু নতুন ধারণা সৃষ্টি করতে পারবে না।

বাংলাদেশের প্রেক্ষাপটেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ, বিভিন্ন সংবাদমাধ্যম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এআই-নির্ভর কনটেন্ট দ্রুত বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তরুণ লেখক বর্তমানে নিজে গবেষণা না করে সরাসরি এআই থেকে লেখা তৈরি করে নিচ্ছেন। এর ফলে বই পড়ার অভ্যাস, তথ্য যাচাইয়ের প্রবণতা এবং ভাষার ওপর ব্যক্তিগত দক্ষতা অর্জনের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাষার একরূপতা। একজন লেখকের নিজস্ব ভাষাশৈলী তাকে আলাদা পরিচয় প্রদান করে। কিন্তু একই ধরনের এআই টুল ব্যবহার করলে হাজারো লেখার ভাষা ও উপস্থাপনা প্রায় একই রকম হয়ে যায়। এতে সাহিত্য, সাংবাদিকতা এবং সৃজনশীল লেখালেখির বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ভবিষ্যতে যদি অধিকাংশ লেখা অ্যালগরিদমনির্ভর হয়ে পড়ে, তবে মৌলিক লেখকসত্তার বিকাশ বাধাগ্রস্ত হবে।

এআই ব্যবহারের সঙ্গে নৈতিকতার প্রশ্নও জড়িত। একটি লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে যন্ত্রের মাধ্যমে তৈরি হলেও তা নিজের মৌলিক সৃষ্টি হিসেবে উপস্থাপন করা কতটা গ্রহণযোগ্য-এ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানও এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন শুরু করেছে। কারণ শিক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার বিষয় নয়, এটি চিন্তা ও জ্ঞানচর্চারও বিষয়।

প্রযুক্তির প্রতিটি উদ্ভাবনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তারও কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে। কিন্তু সেই সুবিধার আড়ালে যে ঝুঁকি বিস্তার লাভ করছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। যখন একজন তরুণ নিজে চিন্তা না করে, গবেষণা না করে কিংবা ভাষা নির্মাণের অনুশীলন না করে সরাসরি এআই-নির্ভর লেখার দিকে ঝুঁকে পড়ে, তখন সে কেবল একটি লেখা তৈরি করে না বরং নিজের সৃজনশীল সত্ত্বাকে হত্যা করে। সহজলভ্যতার এই সংস্কৃতি ধীরে ধীরে পরিশ্রম, অধ্যয়ন ও মৌলিক চিন্তার জায়গা দখল করে নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি চিন্তাশীল সমাজ তৈরির পথে বড় বাধা।

প্রযুক্তির অগ্রযাত্রা থামবে না, থামানোও উচিত নয়। কিন্তু প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে গিয়ে যদি আমরা চিন্তা করার ক্ষমতা, প্রশ্ন করার সাহস এবং সৃষ্টিশীলতার শক্তি হারিয়ে ফেলি, তাহলে সেই অগ্রগতি শেষ পর্যন্ত মানবিক ও বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতাকেই ডেকে আনবে। তাই আজ প্রয়োজন এআইকে সহকারী হিসেবে ব্যবহার করার সংস্কৃতি গড়ে তোলা, প্রভু হিসেবে নয়। কারণ একটি সমাজের প্রকৃত উন্নয়ন নির্ভর করে মানুষের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও মৌলিক চিন্তার ওপর, কোনো যন্ত্রের উৎপাদিত শব্দের ওপর নয়।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow