বাগেরহাটের কচুয়া উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে প্রথমবারের মতো স্থানীয় দৈনিক পত্রিকা কচুয়া প্রতিদিনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে উপজেলা সদরের বিজয় চত্বরে আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
‘কচুয়া প্রতিদিন’ পত্রিকার উপদেষ্টা ও প্রকাশক সরদার জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা কৃষিবিদ ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রধান কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু, সাবেক বিবিসি সাংবাদিক ও আলাপ সংবাদমাধ্যমের নির্বাহী সম্পাদক আহরার হোসেন আরিফ, সিএ মো. শফিকুল আলম, আকিজ টেক্সটাইলের জেনারেল ম্যানেজার শেখ সেলিম, চিতলমারির অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরাম মুন্সী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ও বার্তা সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক শেখ সোহান, সাংবাদিক শেখ আতিয়ার রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক তুহিন খান।
এ ছাড়া অনুষ্ঠানে কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক সোসাইটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। ‘কচুয়া প্রতিদিন’ শুধু নেতিবাচক সংবাদ নয়, বরং এলাকার সম্ভাবনা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতির চিত্রও তুলে ধরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা বর্জন করে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
প্রধান অতিথি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে গ্রামীণ জনপদের সুখ-দুঃখ ও সম্ভাবনার কথা তুলে ধরতে ‘কচুয়া প্রতিদিন’ একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। আমরা আশা করি, এই পত্রিকাটির লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে থাকবে।’
পত্রিকার প্রকাশক ও সম্পাদক সমাপনী বক্তব্যে বলেন, ‘কচুয়া প্রতিদিন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। কচুয়াসহ গোটা বাগেরহাট জেলার মানুষের অধিকার ও উন্নয়নের কথা বলাই হবে আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে স্থানীয় সুধী সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিদের মাঝে পত্রিকার প্রথম সংখ্যার সৌজন্য কপি বিতরণ করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।