গভীর সমুদ্রে ছিনতাই করা জাহাজ ছেড়ে পালাল দস্যুরা
সংযুক্ত আরব আমিরাতের ছিনতাই হওয়া একটি জাহাজ ছেড়ে পালিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। গত মাসে ছিনতাই করা জাহাজটি তারা আরব সাগরে পরিত্যাগ করেছে। বৃহস্পতিবার (৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমালিয়ার পুন্তল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, জাহাজটি ব্যবহার করে অন্য জাহাজে হামলা চালাতে ব্যর্থ হওয়ায় এবং রসদ ফুরিয়ে আসায় জলদস্যুরা এটি ছেড়ে যেতে বাধ্য হয়। ১১ সদস্যের একটি জলদস্যু দল এপ্রিলের শেষ দিকে উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলীয় শহর ধিনোওদা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ফাহাদ-৪ নামের জাহাজটি দখল করে। আল জাজিরা জানিয়েছে, জাহাজটির নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সোমালি কর্তৃপক্ষও এখনো প্রকাশ্যে জাহাজটির বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি। পুন্তল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানান, জলদস্যুরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে গারাকাদ বন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। এক কর্মকর্তা জানান, জাহাজটি দখলের পর জলদস্যুরা এটিকে ‘মাদারশিপ’ হিসেবে ব্যবহার করে সোমালিয়ার জ
সংযুক্ত আরব আমিরাতের ছিনতাই হওয়া একটি জাহাজ ছেড়ে পালিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। গত মাসে ছিনতাই করা জাহাজটি তারা আরব সাগরে পরিত্যাগ করেছে।
বৃহস্পতিবার (৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমালিয়ার পুন্তল্যান্ড অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, জাহাজটি ব্যবহার করে অন্য জাহাজে হামলা চালাতে ব্যর্থ হওয়ায় এবং রসদ ফুরিয়ে আসায় জলদস্যুরা এটি ছেড়ে যেতে বাধ্য হয়। ১১ সদস্যের একটি জলদস্যু দল এপ্রিলের শেষ দিকে উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলীয় শহর ধিনোওদা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ফাহাদ-৪ নামের জাহাজটি দখল করে।
আল জাজিরা জানিয়েছে, জাহাজটির নাবিকদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সোমালি কর্তৃপক্ষও এখনো প্রকাশ্যে জাহাজটির বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেনি।
পুন্তল্যান্ডের নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানান, জলদস্যুরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরে গারাকাদ বন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। এক কর্মকর্তা জানান, জাহাজটি দখলের পর জলদস্যুরা এটিকে ‘মাদারশিপ’ হিসেবে ব্যবহার করে সোমালিয়ার জলসীমায় ঘুরে বেড়ায় এবং অন্য জাহাজে হামলার চেষ্টা চালায়।
আরেক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সোমালিয়ার জলসীমা দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হওয়ায় জলদস্যুরা অন্য কোনো জাহাজে হামলা চালাতে পারেনি। একই সঙ্গে তাদের রসদও দ্রুত ফুরিয়ে আসছিল। ফলে গত ৪ মে তারা জাহাজটি পরিত্যাগ করতে বাধ্য হয়।
আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একের পর এক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় আবারও সোমালি জলদস্যুতার আতঙ্ক ফিরে এসেছে। কয়েক বছর শান্ত থাকার পর বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর পর জলদস্যু হুমকির মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, সম্প্রতি ছিনতাই হওয়া কয়েকটি জাহাজ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ২১ এপ্রিল পুন্তল্যান্ড উপকূলে ছিনতাই হওয়া বার্বাডোসের পতাকাবাহী তেলবাহী জাহাজ অনার ২৫ এবং সিরিয়ার পতাকাবাহী সোয়ার্ড রয়েছে।
অন্যদিকে, এডেন উপসাগরে জলদস্যুরা ইয়েমেন উপকূলের কাছে টোগোর পতাকাবাহী ইউরেকা নামের একটি জ্বালানিবাহী ট্যাংকার দখল করে সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে গেছে। এসব হামলার পেছনে কোন গোষ্ঠী রয়েছে, তা এখনো জানা যায়নি। অতীতে স্থানীয় জেলেদের পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএল (আইএসআইএস) ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও এ ধরনের ছিনতাইয়ে জড়িত ছিল।
বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হুথিদের হামলা মোকাবিলায় জলদস্যুবিরোধী টহল জোরদার করায় সোমালি জলদস্যুরা নতুন সুযোগ পেয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে এখন নিরাপত্তা নজরদারির বড় অংশ ব্যয় হচ্ছে। এটি এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে।
এ ছাড়া সম্প্রতি কিছু দেশের নৌ টহল এখন হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোকে নিরাপত্তা সহায়তা দেওয়ার কাজে ব্যস্ত রয়েছে। এসব জাহাজ আগে জলদস্যু দমনে সক্রিয় ছিল। ইরান ও যুক্তরাষ্ট্র ওই প্রণালিতে অবরোধ আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সোমালিয়া উপকূলে জলদস্যুতার সর্বোচ্চ সময়ে বৈশ্বিক অর্থনীতিতে এর বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল।
What's Your Reaction?