চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে ওঠার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জয়দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ম

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে ওঠার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জয়দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের (হারবাল মেডিসিন) একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক মিয়া জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এগিয়ে যায়। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মিজানুর রহমান বলেন, জয়দেব আমার বন্ধু ও সহকর্মী। আমরা একই প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি। ব্যবসায়িক কাজ শেষে তিনি শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে জানতে পারি, তিনি আর বেঁচে নেই। তার পরিবার গ্রামে বসবাস করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow