জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা জেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বানপ্রস্থে এ সভা অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি অ্যাডভোকেট পূরবী কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের সহসভাপতি অধ্যাপক ড. মঞ্জরুল আলম চম্পক, সম্পাদকমণ্ডলীর সদস্য (সাংগঠনিক) আবুল ফারাহ্ পলাশ এবং ময়মনসিংহ অঞ্চল সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এ ছাড়া শাখার উপদেষ্টা, সদস্য ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন।
সভার শুরুতে সদস্য সিথি সাহা শোক প্রস্তাব পাঠ করেন। পরে প্রয়াত সদস্য ও গুণিজনদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি’ পরিবেশনের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলক সংগীত পরিচালনা করেন সঙ্গীত বিদ্যায়তনের প্রশিক্ষক ও নজরুলসংগীত শিল্পী মৌমিতা ধর।
সপ্তম জেলা সম্মেলনের পর গত চার বছরের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে সাধারণ সম্পাদকের খসড়া প্রতিবেদন পাঠ করেন কবি পহেলী দে। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ঝলক সরকার।
প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন পরিষদের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান খান, কবি স্বপন পাল, সংস্কৃতিজন দেবাশীষ সরকার, প্রাক্তন সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার, ওস্তাদ অসিত ঘোষ, সংস্কৃতিজন চিন্ময় তালুকদার, আবৃত্তিশিল্পী শিল্পী ভট্টাচার্য, লোকসংগীত শিল্পী বণিক শুভ, নজরুলসংগীত শিল্পী সুদর্শন বিশ্বশর্মা, সংস্কৃতিকর্মী শেখ আমিনুল ইসলাম স্বপন, রবীন্দ্রপ্রেমী শিল্পী নারায়ণ কর্মকার, তানভীর মোকাম্মেল, নাট্যজন অমল সরকার, আবুবক্কর সিদ্দিক নাদিম, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সহসভাপতি খান মোহাম্মদ রেজাউল করিম, বাচিকশিল্পী প্রদীপ কুমার, কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু এবং অধ্যাপক হারাধন সাহাসহ অন্যরা।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নিয়মিত কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন, রবীন্দ্রনাথের দর্শন ও চিন্তাচর্চার প্রসার, শুদ্ধ সংগীতচর্চা, পঞ্চকবির সাহিত্য ও সংগীতচর্চা বৃদ্ধি, শাহ আব্দুল করিমকে নিয়ে কর্মশালা আয়োজন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ কবিতার শতবর্ষ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবৃত্তি শিক্ষার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, নেত্রকোনা জেলা শাখায় বর্তমানে ১০৯ জন সদস্য রয়েছেন। ১৯৮৩ সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের যাত্রা শুরু হলেও নেত্রকোনা শাখার কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালে। সভায় সংগঠনের পটভূমি, ঘোষণাপত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।
বর্ধিত সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নেত্রকোনার কৃতী সন্তান, বিশ্বভারতীর প্রথম অধ্যক্ষ ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদারের নামে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখা প্রতি বছর অথবা দ্বিবার্ষিক সম্মেলনে একটি বিশেষ সম্মাননা প্রদান করবে।
সভা সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায়।