আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা সংবিধান এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দুটিকে সমন্বয় করে এগিয়ে যেতে চাই। তবে এক্ষেত্রে সংবিধান অন্য সবকিছুর চেয়ে অবশ্যই এগিয়ে থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকটি শুরু হয় বেলা ১১টায়।
সংবিধান ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙক্ষা—এ দুটির মধ্যে বৈপরীত্য থাকলেও কোনটিকে প্রাধান্য দেওয়া হবে, এদিন আইনমন্ত্রীর কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
আইনমন্ত্রী বলেন, ১৩৩টি অধ্যাদেশ নিয়ে যাচাই-বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করেছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই-বাছাই করছি।
আরও পড়ুন
কতটি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, আলোচনার জায়গায় আছে। আমরা এগোচ্ছি।
কতগুলো বিষয়ে একমত হয়েছেন—এমন প্রশ্নে তিনি বলেন, এটি তো এখন বলা যাবে না। যখন রিপোর্ট প্রকাশ হবে তখন বলা যাবে। আমরা ২ এপ্রিলের মধ্যে রিপোর্ট তৈরি করবো।
বৈঠক শেষে কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, বৈঠকে অর্ধেকের কম (অধ্যাদেশ) হবে, পরীক্ষা-নিরীক্ষা করেছি। এর মধ্যে কিছু কিছু বিষয়ের ওপর দু-একজন সদস্যের কিছু কিছু মতামত আছে। আমরা বলেছি, সেগুলো পরবর্তী সভায় আলোচনা করার জন্য। পরবর্তী সভায় সমাপ্ত না হলে লিখিতভাবে দেওয়ার জন্য বলেছি।
তিনি জানান, আগামীকাল বুধবার দুপুর ২টায় আবার কমিটির বৈঠক বসবে। সবগুলো অধ্যাদেশ যাচাই-বাছাই শেষ না হলে আরও বৈঠক হবে। তবে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দেওয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
এমওএস/এমকেআর