ট্রাকে মিলল গলিত মরদেহ, বেরিয়ে এলো রহস্য

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটি অপমৃত্যু বলেই ধরে নিয়েছিল পুলিশ। তবে, এক সপ্তাহের পর মাগুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তদন্তে বেরিয়ে আসে পরিকল্পিত ছিনতাই ও হত্যার চাঞ্চল্যকর তথ্য। সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০ মে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে গলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেলে কালিগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়। পরিচয়হীন ওই মরদেহ ঘিরে তৈরি হয় রহস্য। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি যশোরের রাজারহাট এলাকার ইব্রাহিম কাজীর ছেলে ট্রাকচালক আব্দুর রহমান। তিনি গত ১৬ মে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহার জন্য ঢাকার নারায়ণগঞ্জ থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল আনার দায়িত্ব পান। ওইদিন রাত ১০টার দিকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের তেলবোঝাই ট্

ট্রাকে মিলল গলিত মরদেহ, বেরিয়ে এলো রহস্য
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটি অপমৃত্যু বলেই ধরে নিয়েছিল পুলিশ। তবে, এক সপ্তাহের পর মাগুরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তদন্তে বেরিয়ে আসে পরিকল্পিত ছিনতাই ও হত্যার চাঞ্চল্যকর তথ্য। সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ২০ মে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে গলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেলে কালিগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়। পরিচয়হীন ওই মরদেহ ঘিরে তৈরি হয় রহস্য। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি যশোরের রাজারহাট এলাকার ইব্রাহিম কাজীর ছেলে ট্রাকচালক আব্দুর রহমান। তিনি গত ১৬ মে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহার জন্য ঢাকার নারায়ণগঞ্জ থেকে ৬০ ব্যারেল ভোজ্যতেল আনার দায়িত্ব পান। ওইদিন রাত ১০টার দিকে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের তেলবোঝাই ট্রাক নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন আব্দুর রহমান। তবে, ফরিদপুরের কামারখালি সেতু পার হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশ জানায়, ওই রাতেই পরিকল্পিতভাবে ট্রাকটি ছিনতাই করা হয় এবং চালক আব্দুর রহমানকে হত্যা করা হয়। দীর্ঘ সময় তার কোনো খোঁজ না পেয়ে ২৩ মে ব্যবসায়ী গোপাল সাহা বিষয়টি মাগুরা পুলিশ সুপারকে অবহিত করেন। এরপরই তদন্তে নামে মাগুরা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। টানা দুই দিনের প্রযুক্তিনির্ভর তদন্ত ও অভিযান শেষে রোববার দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে আজাদ হোসেন হিটলারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করে পুলিশ। এসপি মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লস্কারপুর বাজার, জাগলা, বুধইরপাড়া ও রাজিবের পাড়া বাজার থেকে ৪৫ ব্যারেল পূর্ণ এবং একটি ব্যারেলে থাকা অর্ধেক তেল উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতটি খালি ব্যারেল ও ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে কীভাবে পরিকল্পিতভাবে ট্রাক ছিনতাই ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্র উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow