ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

যারা ঢাকায় ঈদ উদ্‌যাপন করেছেন, তাদের জন্য ঢাকার কাছেই রয়েছে বেড়াতে যাওয়ার বেশ কয়েকটি স্থান। ঢাকার বেশ কাছে হওয়ায় এবং যানজট না থাকায় চট করেই বেড়িয়ে আসতে পারেন দর্শনীয় এই স্পটগুলোয়। দিনের মধ্যে গিয়ে ফিরে আসা সম্ভব এ রকম ৭টি ভ্রমণ গন্তব্য সম্পর্কে জেনে নিন। পানাম নগরঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ঐতিহাসিক পানাম নগর। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশীদের কাছে এক বিস্ময়। ১৫ শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় ১০০ ঐতিহাসিক স্থাপনার তালিকায় জায়গা করে নেয় এই পানাম নগর। এই পানাম নগরের গা ঘেষে আছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এক দিনে এ দুটি স্থান ঘুরে আসতে পারেন। যেভাবে যাবেন :ঢাকার গুলিস্তান থেকে বেশ কিছু বাস যায় নারায়ণগঞ্জ। দোয়েল, স্বদেশ বা বোরাকের এসি বাসে উঠলে নামতে হবে মোগড়াপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটো বা রিকশায় ১০ থেকে ৩০ টাকা ভাড়ায় পানাম নগরীতে যাওয়া যায়। ম

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

যারা ঢাকায় ঈদ উদ্‌যাপন করেছেন, তাদের জন্য ঢাকার কাছেই রয়েছে বেড়াতে যাওয়ার বেশ কয়েকটি স্থান। ঢাকার বেশ কাছে হওয়ায় এবং যানজট না থাকায় চট করেই বেড়িয়ে আসতে পারেন দর্শনীয় এই স্পটগুলোয়। দিনের মধ্যে গিয়ে ফিরে আসা সম্ভব এ রকম ৭টি ভ্রমণ গন্তব্য সম্পর্কে জেনে নিন।

পানাম নগর
ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ঐতিহাসিক পানাম নগর। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশীদের কাছে এক বিস্ময়। ১৫ শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় ১০০ ঐতিহাসিক স্থাপনার তালিকায় জায়গা করে নেয় এই পানাম নগর। এই পানাম নগরের গা ঘেষে আছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। এক দিনে এ দুটি স্থান ঘুরে আসতে পারেন।

যেভাবে যাবেন :
ঢাকার গুলিস্তান থেকে বেশ কিছু বাস যায় নারায়ণগঞ্জ। দোয়েল, স্বদেশ বা বোরাকের এসি বাসে উঠলে নামতে হবে মোগড়াপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত ভাড়া ৪০ থেকে ৫০ টাকা। মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটো বা রিকশায় ১০ থেকে ৩০ টাকা ভাড়ায় পানাম নগরীতে যাওয়া যায়।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

মহেরা জমিদার বাড়ি
টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ৮ একর জায়গা জুড়ে মহেরা জমিদার বাড়ি। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের নিদর্শন মহেড়া জমিদার বাড়ির সঙ্গে রয়েছে মিনি পার্ক, চিড়িয়াখানা, পিকনিক স্পট ও বোট রাইডের ব্যবস্থা। ঢাকার বেশ কাছে বলে ভোরে রওনা দিলে সারা দিনের মধ্যে জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায়।

যেভাবে যাবেন :
মহাখালী বাস টার্মিনাল থেকে বিনিময়, ঝটিকা, ধলেশ্বরী বাস যায় টাঙ্গাইল। ভাড়া ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। নামতে হবে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি, রিকশা বা বেবিট্যাক্সিতে চড়ে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হবে। মহেরা জমিদার বাড়িটিই বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

নুহাশপল্লী
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের হাতে গড়া নুহাশপল্লী নন্দন কানন গাজীপুর জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে পিরুজালী গ্রামে। নুহাশপল্লীর আয়তন প্রায় ৪০ বিঘা। ১৯৮৭ সালে ২২ বিঘা জমিতে হুমায়ূন আহমেদ তার স্বপ্নের এই রিসোর্ট গড়ে তুলেছেন। এখানে তিনি বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং করেছেন। এমনকি নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদ তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। ঢাকার খুব কাছে বলে চট করে ঘুরে আসা যায় নুহাশপল্লী থেকে।

যেভাবে যাওয়া যায় :
ঢাকা থেকে প্রভাতি, বনশ্রী এ রকম বেশ কিছু বাস যায় গাজীপুরে। নামতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ডে। ভাড়া নিতে পারে ৫০ থেকে ৮০ টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে রিকশা বা সিএনজিতে করে নুহাশপল্লী যাওয়া যায়। রিকশা ভাড়া লাগবে ৫০ থেকে ৬০ টাকা এবং সিএনজি ভাড়া লাগবে ১২০ থেকে ১৫০ টাকা।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

বালিয়াটি জমিদার বাড়ি
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি। এখানে রয়েছে সাতটি স্থাপনা। চোখজুড়ানো এই জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকে গড়ে তোলা হয়েছে জাদুঘর। বালিয়াটি প্যালেস নামেও পরিচিত এই জমিদার বাড়িতে রুম আছে ২০০টি। প্রচীন নির্মাণশৈলীর কারণে এই রুমগুলো দেখার মতো। চুন-সুড়কি, লোহার পাত আর কাদামাটি দিয়ে বানানো বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের অভিজাত্য ধরে রেখেছে।

যেভাবে যাওয়া যায়:
এই জমিদার বাড়িতে যেতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আরিচা বা মানিকগঞ্জগামী বাসে সাটুরিয়া হয়ে যাওয়া যায়। এছাড়া গাবতলী থেকে সাটুরিয়াগামী এসবি লিংক পরিবহনে উঠে বালিয়াটি জমিদার বাড়ি যাবেন বললে সুবিধাজনক স্থানে নামিয়ে দেবে।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

বঙ্গবন্ধু সাফারি পার্ক
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে বঙ্গবন্ধু সাফারি পার্ক। প্রায় ৩ হাজার ৬৯০ একর জায়গাজুড়ে এই পার্ক। অনেকটা থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের আদলে গড়ে তোলা হয়েছে এই সাফারি পার্কটি। ২০১৩ সালে চালু করা বঙ্গবন্ধু সাফারি পার্কের কোর সাফারিতে বনের উন্মুক্ত পরিবেশে আছে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ।

যেভাবে যাওয়া যায়:
ঢাকার মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা কিংবা ময়মনসিংহগামী বাসে গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে আরো কিছুটা সামনে গেলে বাঘের বাজারে সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখা যাবে। বাঘের বাজার থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ যেতে ২০-৪০ টাকা রিকশা বা অটোরিকশা ভাড়া লাগে।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

জল ও জঙ্গলের কাব্য
জল ও জঙ্গলের কাব্য মূলত একটি অবকাশযাপন কেন্দ্র। গাজীপুর জেলার টংগীর পুবাইলে ৯০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে এটি। প্রকৃতিকে অবিকৃত রেখে বাঁশ ও পাটখড়ি দিয়ে সুনিপুণ নকশায় তৈরি জল ও জঙ্গলের কাব্য। বিলের ওপর অপার্থিব জোছনা দেখতে চাইলে জল ও জঙ্গলের কাব্য থেকে ঘুরে আসতে পারেন।

যেভাবে যাওয়া যায়:
রাজধানী ঢাকার কাছে অল্প সময় ও অল্প খরচে সারাদিন কাটানোর জন্য জল ও জঙ্গলের কাব্য একটি চমৎকার স্থান। জল জঙ্গলের কাব্য রিসোর্টে যেতে চাইলে ঢাকার মহাখালি বাসস্ট্যান্ড থেকে নরসিংদী অথবা কালিগঞ্জগামী বাসে মাত্র ৪০ টাকা ভাড়ায় পুবাইল কলেজ গেট আসতে হবে। পুবাইল কলেজ গেট থেকে রিক্সা যোগে পাইলটবাড়ি বা জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে পৌঁছাতে পারবেন।

ঢাকার কাছে বেড়াতে যাওয়ার সাত স্পট

জিন্দা পার্ক
নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে প্রায় ১৫০ একর এলাকা জুড়ে অবস্থিত জিন্দা পার্কে ২৫০ প্রজাতির দশ হাজারের বেশি গাছ, ৫টি জলাধার এবং অসংখ্য পাখি রয়েছে। পার্কের ভেতরে আছে মার্কেট, লাইব্রেরি, ক্যান্টিন ও চিড়িয়াখানা। এ ছাড়া নৌবিহারের জন্য পার্কের লেকে আছে ৮টি সুসজ্জিত নৌকা।

যেভাবে যাওয়া যায়:
ঢাকার যেকোন জায়গা থেকে কুড়িল বিশ্বরোড এসে ৩০০ ফিট রাস্তার প্রান্ত থেকে লোকাল সিএনজি বা লেগুনা দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে হবে। কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড় হতে লোকাল অটোতে জিন্দা পার্ক যাওয়া যায়। এছাড়া চাইলে কুড়িল ৩০০ ফিট রাস্তা থেকে সিএনজি বা অটোরিক্সা রিজার্ভ নিয়ে সরাসরি জিন্দা পার্ক যেতে পারবেন।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow