ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ইকো-ফ্রেন্ডলি বাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর উদ্যোগে এবং আকিজ গ্রুপের স্পন্সরে নারী শিক্ষার্থীদের জন্য একটি নতুন ইকো-ফ্রেন্ডলি বাস সংযোজন করা হয়েছে। নতুন বাসটি বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নারী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে পুরোনো ও ফিটনেসবিহীন বাসে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এসব হলের শিক্ষার্থীদের। নতুন বাস সংযোজনের ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আরও পড়ুন রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ: ঢাবির ৯২ শিক্ষকের বিষয়ে তদন্ত কমিটি বাসটিতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে বেশ কিছু আধুনিক ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, প্রতিটি আসনের পাশে মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা, ফার্স্ট এইড বক্স এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম। পাশাপাশি বাসটিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে, যা এটিকে পরিবেশবান্
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক যাতায়াত নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর উদ্যোগে এবং আকিজ গ্রুপের স্পন্সরে নারী শিক্ষার্থীদের জন্য একটি নতুন ইকো-ফ্রেন্ডলি বাস সংযোজন করা হয়েছে।
নতুন বাসটি বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নারী শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হবে। দীর্ঘদিন ধরে পুরোনো ও ফিটনেসবিহীন বাসে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো এসব হলের শিক্ষার্থীদের। নতুন বাস সংযোজনের ফলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাসটিতে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রাখা হয়েছে বেশ কিছু আধুনিক ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, প্রতিটি আসনের পাশে মোবাইল ও অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার সুবিধা, ফার্স্ট এইড বক্স এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম। পাশাপাশি বাসটিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে, যা এটিকে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাসটির নির্মাণকাজ পরিদর্শন করেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টরা। এ সময় সাদিক কায়েম বলেন, নারী শিক্ষার্থীদের জন্য সুফিয়া কামাল হল থেকে মৈত্রী হল পর্যন্ত নতুন বাস দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা এ বাসটি আনার জন্য কাজ করে আসছেন। আকিজ গ্রুপ বাসটির সম্পূর্ণ স্পন্সর করেছে বলেও জানান তিনি।
সাদিক কায়েম বলেন, বাসটিকে শিক্ষার্থীবান্ধব ও পরিবেশবান্ধব করার চেষ্টা করা হয়েছে। বাসের প্রতিটি সিটে চার্জিং পয়েন্ট, সুপেয় পানির ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেন, ডাকসুর দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে আরও কয়েকটি বাস আনার চেষ্টা চলছে। এরই মধ্যে একটি বাস আনা সম্ভব হয়েছে এবং আরও কিছু বাস মন্ত্রণালয়ের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে।
ডাকসু পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ বলেন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাসটি চালু করতে পারা তাদের জন্য আনন্দের। সুফিয়া কামাল, মৈত্রী ও ফজিলাতুন্নেছা মুজিব হল ক্যাম্পাসের মূল অংশ থেকে কিছুটা দূরে হওয়ায় এসব হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা প্রয়োজন ছিল। দীর্ঘদিনের পুরোনো ও ভাঙাচোরা বাসের পরিবর্তে নতুন বাস যুক্ত হওয়াকে তিনি শিক্ষার্থীদের জন্য স্বস্তির উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এদিকে ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম তৈরির উদ্যোগের পাশাপাশি তাদের জন্য নতুন বাস আনার বিষয়েও কাজ করেছেন তারা। আকিজ গ্রুপের নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগের পর নারী শিক্ষার্থীদের জন্য বাস স্পন্সরের বিষয়ে সম্মতি পাওয়া যায় বলে জানান তিনি।
বর্তমানে বাসটির ফিনিশিং ও কিছু আনুষঙ্গিক কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর দ্রুত বাসটি নারী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ডাকসুর। নতুন এই উদ্যোগকে নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করার ক্ষেত্রে ডাকসুর একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এমআরএম
What's Your Reaction?
