প্রবাসী হয়রানি বন্ধ করা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।’ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। দলীয় নির্বাচনী ইশতাহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে জেলার দীর্ঘদিনের সম
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ‘আমি মন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। দলীয় নির্বাচনী ইশতাহারেও প্রবাসীদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ রয়েছে। সে অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং দ্রুত বাস্তবায়ন শুরু হবে।
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করে জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
নিজ নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে সংসদে গিয়েছেন এবং দলীয় নেতৃত্বের আস্থায় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এটি সিলেটবাসীর জন্য সম্মানের বিষয়।
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে আশা, তা পূরণ করতে চাই। কারও প্রতি বৈরী মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমার হাতে অনেক কাজ, কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকেই উন্নয়ন কাজ শুরু করতে হবে।’
উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে বিমানবন্দরে পৌঁছালে সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
What's Your Reaction?