রাশিয়ার ড্রোন আঘাত হানলো ন্যাটোভুক্ত দেশে
ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলার সময় একটি ড্রোন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে আঘাত হেনে দুইজনকে আহত করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রোমানিয়ার কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোন আঘাত হানলো। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ায় এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ইউক্রেনের মিত্ররা আশঙ্কা করছেন—রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে। এতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার বেপরোয়া আচরণের নিন্দা জানাই। ড্রোনসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে ন্যাটো তার প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে। রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, রুশ ড্রোনটি গালাতি শহরের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদে আঘাত হানে এবং এতে বিস্ফোরণ ঘটে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তথ্যে দেখা গেছে, রাশিয়ার তৈরি ‘গেরান-২’ ড্রোনটির পুরো বিস্ফোরক বোঝাই অংশ আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ স্থলসী
ন্যাটোর সদস্য দেশ রোমানিয়া জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলার সময় একটি ড্রোন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে আঘাত হেনে দুইজনকে আহত করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রোমানিয়ার কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোন আঘাত হানলো।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ায় এই ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন ইউক্রেনের মিত্ররা আশঙ্কা করছেন—রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী দেশগুলোর সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে। এতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাটোর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার বেপরোয়া আচরণের নিন্দা জানাই। ড্রোনসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে ন্যাটো তার প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে।
রোমানিয়ার কর্তৃপক্ষ জানায়, রুশ ড্রোনটি গালাতি শহরের একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদে আঘাত হানে এবং এতে বিস্ফোরণ ঘটে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তথ্যে দেখা গেছে, রাশিয়ার তৈরি ‘গেরান-২’ ড্রোনটির পুরো বিস্ফোরক বোঝাই অংশ আঘাতের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।
রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। মস্কো ইউক্রেনের দানিউব নদীসংলগ্ন বন্দরগুলোতে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২৮ বার রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বুখারেস্ট রোমানিয়ায় দ্রুত অ্যান্টি-ড্রোন সক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, রাশিয়া আরও একটি সীমা অতিক্রম করেছে।
এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় ড্রোনও বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমায় ঢুকে পড়েছিল, যা রাশিয়াকে ঘিরে উত্তেজনা ও বিভ্রান্তি আরও বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স
এমএসএম
What's Your Reaction?