সাগরের নীল জল আর পর্যটকের জোয়ারে একাকার কক্সবাজার
সরকারি ছুটি শেষ হলেও পর্যটন নগরী কক্সবাজারে উৎসবের আমেজ যেন থামছেই না। গত ছয়দিন ধরে সৈকত শহরের কোথাও তিল ধারণের জায়গা নেই। ঈদের ছুটির পর ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কক্সবাজার এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। ঈদের ষষ্ঠ দিনেও সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবারের ঈদে টানা এক সপ্তাহের ছুটি শেষ হয়েছে ২২ মার্চ। এর মাত্র দুইদিন পরেই ২৬ মার্চের ছুটি এবং সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ অবসরের সুযোগ। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে এসেছেন সমুদ্র সৈকতে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, কেউ বালিয়াড়িতে হৈ-হুল্লোড়ে মত্ত, কেউবা সাগরের নীল জলরাশিতে উম্মাদনায় ভাসছেন। কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন জানান, এবারের ঈদ মৌসুমে পর্যটন শিল্পে নতুন চাঙ্গাভাব দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, ঈদ পরবর্তী এক সপ্তাহে কক্সবাজারে ছোট-বড় সব প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার
সরকারি ছুটি শেষ হলেও পর্যটন নগরী কক্সবাজারে উৎসবের আমেজ যেন থামছেই না। গত ছয়দিন ধরে সৈকত শহরের কোথাও তিল ধারণের জায়গা নেই। ঈদের ছুটির পর ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কক্সবাজার এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
ঈদের ষষ্ঠ দিনেও সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এবারের ঈদে টানা এক সপ্তাহের ছুটি শেষ হয়েছে ২২ মার্চ। এর মাত্র দুইদিন পরেই ২৬ মার্চের ছুটি এবং সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় পর্যটকদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ অবসরের সুযোগ। প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে এসেছেন সমুদ্র সৈকতে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, কেউ বালিয়াড়িতে হৈ-হুল্লোড়ে মত্ত, কেউবা সাগরের নীল জলরাশিতে উম্মাদনায় ভাসছেন।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওলাদ হোসেন জানান, এবারের ঈদ মৌসুমে পর্যটন শিল্পে নতুন চাঙ্গাভাব দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, ঈদ পরবর্তী এক সপ্তাহে কক্সবাজারে ছোট-বড় সব প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা হবে।
হোটেল-মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই। আগামী ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে।
সৈকতের সৌন্দর্য বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় দীর্ঘ ২০ বছর ধরে বালিয়াড়ি দখল করে রাখা অবৈধ ঝুপড়ি দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন অনেক বেশি পরিচ্ছন্ন ও প্রশস্ত সৈকত উপভোগ করছেন পর্যটকরা।
তবে পর্যটকের চাপের সুযোগে ঘোড়সওয়ারি, হোটেল-রেস্তোরাঁ ও অভ্যন্তরীণ পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল হক জানান, পর্যটকদের হয়রানি রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের নজরদারি বাড়ানো হয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রেকর্ড পরিমাণ পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ছিনতাইকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, পর্যটকরা আমাদের অতিথি। তাদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় পাশে আছে।
সৈকত ছাড়াও পর্যটকরা রামুর বৌদ্ধ প্যাগোডা, ডুলহাজারা সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির এবং বার্মিজ মার্কেটগুলোতে ভিড় করছেন। সব মিলিয়ে এক পাক্ষিক উৎসবের আমেজে ভাসছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত।
What's Your Reaction?