৯ মামলায়ই জামিন পেলেন খায়রুল হক, কারামুক্তিতে বাধা নেই
রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯টি মামলায়ই জামিন হওয়ায় কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা পারভীন শান্তা। আদেশের পর খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ২০২৫ সালের ২৫ নভেম্বর রাজধানীর বনানীতে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তিনি আরও বলেন, আজকের জামিনের মধ্যে দিয়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলার সব কয়টিতে তিনি জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ
রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া ৯টি মামলায়ই জামিন হওয়ায় কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
সোমবার (১০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা পারভীন শান্তা।
আদেশের পর খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, ২০২৫ সালের ২৫ নভেম্বর রাজধানীর বনানীতে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে সোমবার আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
তিনি আরও বলেন, আজকের জামিনের মধ্যে দিয়ে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলার সব কয়টিতে তিনি জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ আইনজীবী।
এর আগে রোববার (৯ আগস্ট) সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
ফলে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া আদেশ শুধু তার ক্ষেত্রে বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এর আগে পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে গত ১৩ মে রিট করেন খায়রুল হকের ছেলে আইনজীবী আশিক উল হক।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৭ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী আদেশ দেন। আদেশে সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন ও লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে রাষ্ট্রপক্ষ। চেম্বার জজ আদালত হয়ে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।
খায়রুল হককে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে।
খায়রুল হকের মামলার বিষয়ে আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, ছয়টিতে জামিনের পর আবার নতুন করে অন্য মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া নিয়ে রিটটি করা হয়েছিল। হাইকোর্টের ১৭ মে দেওয়া আদেশের পর আরও তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আজকের আদেশের পর সব মিলে তার বিরুদ্ধে থাকা ৯টি মামলার সবকটিতে তিনি জামিন পেলেন। ফলে তার কারামুক্তিতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এফএইচ/এমএএইচ/
What's Your Reaction?