অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে র্যাবের গাড়ি ভাঙচুর
জামালপুর সদরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে জামালপুর সদরের গোবিন্দপুর ও পিঙ্গলহাটা এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছিলেন। বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জীরণ ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইটভাটার মালিকের ম
জামালপুর সদরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবেশ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার রায়ের নেতৃত্বে জামালপুর সদরের গোবিন্দপুর ও পিঙ্গলহাটা এলাকায় অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছিলেন।
বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জীরণ ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জীরণ ব্রিক ফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইটভাটার মালিকের মা রোজিনা বেগম এবং ওই ভাটার অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদাররা পালিয়ে যান।
গাড়ি ভাঙচুরের বিষয়ে অভিযুক্ত রোজিনা বেগম সাংবাদিকদের বলেন, ছেলের অনেক টাকা ঋণ আছে। অভিযানের ফলে তাদের অনেক ক্ষতি হচ্ছে দেখে রাগের মাথায় আমি গাড়িতে ইট মেরেছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, র্যাবের গাড়িতে হামলার ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?