নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজ বাস্তবে অসম্পূর্ণ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা সফটওয়্যার (PEIMS)-এ শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, নির্মাণকাজের প্রকৃত অগ্রগতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য PEIMS সফটওয়্যারে আপলোড করে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। এতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, ডিমলা সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় একই প্যাকেজে রামডাঙ্গা মাঝিপাড়া ও মধ্য ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়।
পরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এইচএস এন্টারপ্রাইজ ২৬ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা চুক্তিমূল্যে কাজটির কার্যাদেশ পায়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি কার্যাদেশ দেওয়া হয় এবং কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল একই বছরের ৮ আগস্ট।
অভিযোগ রয়েছে, ওই সময়েই বাস্তবে রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও PEIMS সফটওয়্যারে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে ঠিকাদারের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়। একই প্যাকেজের আওতায় মধ্য ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ নিয়ে কোনো অভিযোগ না থাকলেও রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রকল্প বাস্তবায়ন নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজের অগ্রগতি পর্যায়ক্রমে PEIMS সফটওয়্যারে হালনাগাদ করার বিধান রয়েছে। তবে অভিযোগ, বাস্তবে কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও সফটওয়্যারে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে।
যদিও প্রকল্পটির কাজ ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়িত হয়, তবে সাম্প্রতিক অনুসন্ধানে অভিযোগটি প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে ডিমলা উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নথিতে নির্মাণকাজ শতভাগ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে সীমানা প্রাচীরের ওপর নির্ধারিত লোহার গ্রিল, মূল ফটকের স্টিলের গেট, বিদ্যালয়ের নাম, স্থাপনের সাল ও বাস্তবায়নকারী সংস্থার নামসংবলিত স্টিলের সাইনেজ, প্রাচীরের একটি অংশ এবং পুরো প্রাচীরে রং করার কাজ এখনও বাকি রয়েছে। রং না করায় প্রাচীরের বিভিন্ন স্থানে শ্যাওলা জমেছে।
স্থানীয়দের অভিযোগ, আরসিসি ঢালাইয়ে নির্ধারিত মানের রডের পরিবর্তে নিম্নমানের রড, নিম্নমানের ইটের খোয়া ও কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সীমানা প্রাচীর নির্মাণে তিন নম্বর মানের ভাঙাচোরা ও আদলা ইট ব্যবহার এবং প্রয়োজনীয় সময় ধরে কিউরিং না করায় নির্মাণকাজের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তাদের কার্যকর তদারকি ও মান নিয়ন্ত্রণের অভাবেই এসব অনিয়ম ঘটেছে।
অনুসন্ধানে জানা গেছে, নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি)-কে কোনো পর্যায়েই অবহিত করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের অজান্তেই PEIMS সফটওয়্যারে নির্মাণকাজ শতভাগ সম্পন্ন দেখিয়ে পরে ঠিকাদারের মাধ্যমে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়।
বিদ্যালয়টিতে বর্তমানে পাঁচজন শিক্ষক কর্মরত এবং শিক্ষার্থী ১৮৭ জন। মূল ফটক ও সীমানা প্রাচীরের অংশবিশেষ অসম্পূর্ণ থাকায় গবাদিপশু বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করছে। এতে বিদ্যালয় প্রাঙ্গণ অপরিচ্ছন্ন হয়ে পড়ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার চক্রবর্তী বলেন, কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েছি। বিদ্যালয় থেকে কোনো কাজ সমাপ্তির প্রত্যয়নপত্র বা প্রতিবেদন দেওয়া হয়নি। তারপরও কীভাবে চূড়ান্ত বিল দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।
বর্তমান উপজেলা প্রকৌশলী মোফিজুর রহমান বলেন, বিষয়টি আমার দায়িত্ব গ্রহণের আগের। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান এইচএস এন্টারপ্রাইজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাবেক উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, যেভাবেই হোক, একটি ভুল হয়ে গেছে। এটির দায়ভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাকাউন্ট্যান্ট বিষয়টি যথাযথভাবে দেখেননি। ঠিকাদারের পারফরম্যান্স সিকিউরিটি, জামানত ও অন্যান্য বিল রয়েছে। সেগুলো সমন্বয় করে বাকি কাজ সম্পন্ন করে দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার শাকিল হোসেন বলেন, বিষয়টি আমি না বুঝেই ভুল করেছি। আমার অন্যায় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্নের ব্যবস্থা করছি। ভবিষ্যতে আর এমন ভুল হবে না।