আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ
দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই কুড়িগ্রামের রাজারহাটে একই ধরনের চারটি পতাকা টাঙানো অবস্থায় দেখা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে রাজারহাট উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি সেতুর ওপর পতাকাগুলো দেখতে পান পথচারীরা। পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কে বা কারা কখন এসব পতাকা টাঙিয়েছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। হঠাৎ করেই সেতুর বিভিন্ন স্থানে পতাকাগুলো ঝুলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর উৎসুক মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের পতাকা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন রাজারহাটে একই ধরনের পতাকা পাওয়া যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশে এসব পতাকা টাঙিয়েছে
দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই কুড়িগ্রামের রাজারহাটে একই ধরনের চারটি পতাকা টাঙানো অবস্থায় দেখা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।
রোববার (২৮ জুন) সকালে রাজারহাট উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি সেতুর ওপর পতাকাগুলো দেখতে পান পথচারীরা। পরে খবরটি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কে বা কারা কখন এসব পতাকা টাঙিয়েছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। হঠাৎ করেই সেতুর বিভিন্ন স্থানে পতাকাগুলো ঝুলতে দেখা যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর উৎসুক মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের পতাকা নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন রাজারহাটে একই ধরনের পতাকা পাওয়া যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কারা এবং কী উদ্দেশে এসব পতাকা টাঙিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষে পতাকা টাঙানোর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পতাকাগুলোর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের অনুমান বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
What's Your Reaction?