আর্জেন্টিনার ফুটবলারদের উসকানি নিয়ে সতর্ক স্পেন কোচ
বিশ্বকাপ ফাইনাল যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে নিজের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার স্পষ্ট নির্দেশ- মাঠে কোনো ধরনের উসকানি বা বিতর্কে জড়ানো যাবে না; জয় ছিনিয়ে আনতে হবে শুধুই নিজেদের ফুটবল দিয়ে। স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, বিশ্বকাপ ফাইনালে নিজেদের পরিচিত খেলার ধরনই ধরে রাখতে হবে। ‘আমাদের ফুটবলীয় সামর্থ্য অসাধারণ। এমন একটি পরিস্থিতি আছে যেখানে আমরা স্বস্তি বোধ করব না, আর সেটি হলো তর্ক-বিতর্ক বা উসকানির মধ্যে জড়িয়ে পড়া।’ তবে তিনি একই সঙ্গে স্পষ্ট করে দেন, আর্জেন্টিনাকে সরাসরি এমন কিছুর জন্য অভিযুক্ত করছেন না। ‘আমি বলছি না যে আর্জেন্টিনা এমনটা করে। কিন্তু আমরা জানি না কী হতে পারে। আমরা জানি কিভাবে ভালো ফুটবল খেলতে হয়। বল আমাদের পায়ে থাকলে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করি। আর বল না থাকলে আমরা শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মকভাবে দ্রুত বল পুনরুদ্ধারের চেষ্টা করি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়াম
বিশ্বকাপ ফাইনাল যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে নিজের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার স্পষ্ট নির্দেশ- মাঠে কোনো ধরনের উসকানি বা বিতর্কে জড়ানো যাবে না; জয় ছিনিয়ে আনতে হবে শুধুই নিজেদের ফুটবল দিয়ে।
স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, বিশ্বকাপ ফাইনালে নিজেদের পরিচিত খেলার ধরনই ধরে রাখতে হবে।
‘আমাদের ফুটবলীয় সামর্থ্য অসাধারণ। এমন একটি পরিস্থিতি আছে যেখানে আমরা স্বস্তি বোধ করব না, আর সেটি হলো তর্ক-বিতর্ক বা উসকানির মধ্যে জড়িয়ে পড়া।’
তবে তিনি একই সঙ্গে স্পষ্ট করে দেন, আর্জেন্টিনাকে সরাসরি এমন কিছুর জন্য অভিযুক্ত করছেন না। ‘আমি বলছি না যে আর্জেন্টিনা এমনটা করে। কিন্তু আমরা জানি না কী হতে পারে। আমরা জানি কিভাবে ভালো ফুটবল খেলতে হয়। বল আমাদের পায়ে থাকলে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করি। আর বল না থাকলে আমরা শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মকভাবে দ্রুত বল পুনরুদ্ধারের চেষ্টা করি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও কথা বলেন দে লা ফুয়েন্তে। তার বিশ্বাস, ১৯ বছর বয়সী এই উইঙ্গারের সেরা পারফরম্যান্স এখনও দেখা বাকি। ‘আমি নিশ্চিত, এই বিশ্বকাপে তার সেরা ম্যাচ এখনও আসেনি। তবে তাকে নিজের উদ্বেগ ও চাপ কমাতে হবে।’
বিশ্বকাপ ফাইনালে স্পেনের প্রতিপক্ষ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে দে লা ফুয়েন্তের।
স্প্যানিশ কোচ বলেন, ‘আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। আমরা একে অপরকে সম্মান করি এবং আমি তার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এত বড় বড় তারকায় ভরা একটি দলকে কিভাবে তিনি পরিচালনা করেছেন, তা আমি কাছ থেকে দেখেছি। এটি হবে দুই ভালো বন্ধুর লড়াই, তবে একই সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বীরও। কারণ আমরা দুজনই জিততে চাই।’
দে লা ফুয়েন্তে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠেই জানিয়েছেন, তার দল যদি পুরো টুর্নামেন্টজুড়ে যে ফুটবল খেলেছে সেটাই ফাইনালেও ধরে রাখতে পারে, তাহলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।
আরআর/আইএইচএস
What's Your Reaction?