আর্টিস্টরা এ দেশে তৃতীয় শ্রেণির নাগরিকও না: যুবরাজ শামীম
ভীষণ উচ্ছ্বাস নিয়ে আবারও রাশিয়া যাচ্ছেন তরুণ চলচ্চিত্রকার যুবরাজ শামীম। এবারে শুধু সিনেমা নয়, চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন তিনি। দেশটির ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্লাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ উৎসবে দুবার দেখানো হবে তার বানানো সিনেমা ‘অতল’। রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্লাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘অতল’। ওরেনবুর্গে অনুষ্ঠিতব্য এই উৎসব ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামেও পরিচিত। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছ্বসিত প্রশংসার পর নির্বাচক কমিটি ‘অতল’কে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করেছে। ছবিটির দুটি প্রদর্শনীর অনুমতি চেয়েছে তারা। এর একটি প্রতিযোগিতা বিভাগে, অন্যটি সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র হিসেবে। এই উৎসবে দুটি মাস্টারক্লাস নেবেন শামীম। সেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, স্বল্প সম্পদে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা এবং নিজের চলচ্চিত্রভাষা নিয়ে কথা বলবেন এই তরুণ নির্মাতা। বিদেশে এত সমাদর পেলেও দেশে তেমন স্বীকৃতি নেই তার। তাই আক্ষেপ নিয়েই বলছিলেন তিনি, ‘শুধু প্রদর্শনী! মাস্টারক্লাস ন
ভীষণ উচ্ছ্বাস নিয়ে আবারও রাশিয়া যাচ্ছেন তরুণ চলচ্চিত্রকার যুবরাজ শামীম। এবারে শুধু সিনেমা নয়, চলচ্চিত্র উৎসবে মাস্টারক্লাস নেবেন তিনি। দেশটির ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্লাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ উৎসবে দুবার দেখানো হবে তার বানানো সিনেমা ‘অতল’।
রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্লাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘অতল’। ওরেনবুর্গে অনুষ্ঠিতব্য এই উৎসব ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামেও পরিচিত। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছ্বসিত প্রশংসার পর নির্বাচক কমিটি ‘অতল’কে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচন করেছে। ছবিটির দুটি প্রদর্শনীর অনুমতি চেয়েছে তারা। এর একটি প্রতিযোগিতা বিভাগে, অন্যটি সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র হিসেবে।
এই উৎসবে দুটি মাস্টারক্লাস নেবেন শামীম। সেখানে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, স্বল্প সম্পদে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা এবং নিজের চলচ্চিত্রভাষা নিয়ে কথা বলবেন এই তরুণ নির্মাতা। বিদেশে এত সমাদর পেলেও দেশে তেমন স্বীকৃতি নেই তার। তাই আক্ষেপ নিয়েই বলছিলেন তিনি, ‘শুধু প্রদর্শনী! মাস্টারক্লাস নিতে হবে ভেবে আরও বেশি আনন্দ পাচ্ছি। দেশের বাইরে তো দূরের কথা, দেশে মাস্টারক্লাস নেওয়ার কথা চিন্তাও করিনি কখনও। সেখানে এমন একটি উৎসবে মাস্টারক্লাস নেব, ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং নিজের ফিল্ম-ফিলোসফি নিয়ে ফিল্ম স্টুডেন্টদের সঙ্গে কথা বলব— এমনটা ভেবে আনন্দ পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আর্টিস্টরা তো আমাদের দেশে তৃতীয় শ্রেণির নাগরিকও না, সেখানে আমার আর্ট নিয়ে একটা সেলিব্রেশন হচ্ছে, এটা স্বভাবতই ভীষণ ভালো লাগার ঘটনা।’
উৎসবে প্রদর্শনী প্রসঙ্গে যুবরাজ শামীম বলেন, ‘“অতল” আসলে প্রচলিত অর্থে চলচ্চিত্রের মতো চলচ্চিত্র নয়। কারণ এই চলচ্চিত্রটি দর্শক কিংবা চলচ্চিত্র উৎসব কাউকেই সেই অর্থে সার্ভ করে না। এমন পরিস্থিতিতে যখন কোনো চলচ্চিত্র উৎসব ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করে, তখন ভেতরে নিজের আর্টের ল্যাঙ্গুয়েজ খুঁজে পাওয়ার যে তাড়না, তা আরও প্রাণ পায়।’
চলতি বছরের এপ্রিল মাসে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অতল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানে চলচ্চিত্রটি ‘অ্যাপোক্যালিপস নাও’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় এবং নেটপ্যাক অ্যাওয়ার্ড-এর জন্যও প্রতিযোগিতা করে।
যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। ওই আসরে চলচ্চিত্রটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।
‘অতল’ কেমন সিনেমা? সে প্রসঙ্গে শামীম বলেন, ‘“অতল” মূলত আমাদের দুজনার জার্নি। আমি এবং নাঈম তুষার, আমরা একটা ক্যামেরা নিয়ে স্কুটারে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। আমাদের ইমোশনের সঙ্গে কানেক্ট করে এমন লোকেশনে আমরা আমাদের ভেতরের অনুভূতিটা ভিজ্যুয়াল করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকেই ‘অতল’কে ভিজ্যুয়াল পেইন্টিং ভেবে আনন্দ পাই।’
চলচ্চিত্র নির্মাণ নিয়ে নিজের দর্শনের কথাও তুলে ধরেন এই নির্মাতা। তিনি বলেন, ‘চলচ্চিত্র আমার কাছে একটা আর্ট ফর্ম। চলচ্চিত্রকে আমি কবিতা লেখার মতো করে দেখি। একজন কবির কাছে খাতা-কলম থাকলেই তো তিনি তার অনুভূতি লিখতে পারেন। আর আমার হাতে আছে ক্যামেরা, যা ছবি বানানোর জন্য যথেষ্ট। একটি কবিতা পড়তে গিয়ে তো কখনও মনে প্রশ্ন জাগে না, কবিতার বাজেট কত! বরং কবির অনুভূতি ও দৃষ্টির প্রক্রিয়াকে অনুভব করি। আমার কাছেও চলচ্চিত্র ঠিক তেমনই। বাজেট, তারকা কিংবা আয়োজনের চেয়েও নির্মাণের শিল্পপ্রক্রিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।’
‘অতল’-এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা করেছেন যুবরাজ শামীম নিজেই। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। শব্দগ্রহণ করেছেন রিপন নাথ, কালার করেছেন আবদুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের ভোকাল শিবু কুমার শীল।
আগামী ২১ থেকে ২৭ আগস্ট রাশিয়ার ঐতিহাসিক শহর ওরেনবুর্গে অনুষ্ঠিত হবে ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্লাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড’ উৎসবটির ১৯তম আসর। উৎসবে অংশ নিতে ১৯ আগস্ট রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন যুবরাজ শামীম।
এমআই/আরএমডি
What's Your Reaction?