ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, ভয়ে স্কুলছাত্রীর পড়াশোনা বন্ধ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এসময় পরিবারের সদস্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই শিক্ষার্থী। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের কান্দারবাড়িতে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের অনিক মিয়া নামের এক যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। রাস্তায় দাঁড়িয়ে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল কথাবার্তাও বলতেন তিনি। একপর্যায়ে ওই শিক্ষার্থী ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অনিক মিয়া বুধবার সকালে রড নিয়ে শিক্ষার্থীর বাড়িতে যান। সেখানে গিয়ে তাকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। এ সময় শিক্ষার্থীকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এসময় পরিবারের সদস্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই শিক্ষার্থী।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে কুলিয়ারচর উপজেলার মাধবদী গ্রামের কান্দারবাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে একই গ্রামের অনিক মিয়া নামের এক যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। রাস্তায় দাঁড়িয়ে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল কথাবার্তাও বলতেন তিনি।
একপর্যায়ে ওই শিক্ষার্থী ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অনিক মিয়া বুধবার সকালে রড নিয়ে শিক্ষার্থীর বাড়িতে যান। সেখানে গিয়ে তাকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ পরিবারের। এ সময় শিক্ষার্থীকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। আতঙ্কের কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আবারও হামলার আশঙ্কায় উদ্বেগের মধ্যে দিন কাটছে পুরো পরিবারের।
স্থানীয়রা বলছেন, একজন ষষ্ঠ শ্রেণির নারী শিক্ষার্থী শুধু নিজের সম্মান রক্ষায় প্রতিবাদ করেছিল। অথচ সেই প্রতিবাদের জেরে তার বাড়িতে গিয়ে হামলা ও মারধরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। একজন স্কুলছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজীবুল হাসান/কেএইচকে/এএসএম
What's Your Reaction?