ঈদযাত্রায় সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে মানুষের ঢল, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ। সোমবার (২৫ মে) ভোর থেকেই রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। বাস টার্মিনাল, মহাসড়ক ও সড়কের পাশে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়। আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলগামী পরিবহনে যাত্রীচাপ তুলনামূলক বেশি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসে উঠতে পারছেন না। অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। সায়েদাবাদ এলাকায় বরিশালগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, সাধারণ সময়ে যে ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা, সেখানে এখন ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বেশির ভাগ বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বরিশালগামী সব বাসেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। একই অভিযোগ করেন কুমিল্লা, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও নোয়াখালীসহ বিভিন্ন রুটের যা
পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ।
সোমবার (২৫ মে) ভোর থেকেই রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও আশপাশের এলাকায় ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। বাস টার্মিনাল, মহাসড়ক ও সড়কের পাশে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে দেখা যায়।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
বিশেষ করে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলগামী পরিবহনে যাত্রীচাপ তুলনামূলক বেশি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসে উঠতে পারছেন না। অতিরিক্ত যাত্রীর সুযোগ নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
সায়েদাবাদ এলাকায় বরিশালগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, সাধারণ সময়ে যে ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা, সেখানে এখন ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। বেশির ভাগ বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বরিশালগামী সব বাসেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
একই অভিযোগ করেন কুমিল্লা, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও নোয়াখালীসহ বিভিন্ন রুটের যাত্রীরাও।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন পরিবহন শ্রমিক। তারা বলছেন, সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে। অন্যান্য সময় কম ভাড়া আদায় করা হয়।
আব্দুর রহিম বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। সকাল ৭টার দিকে ধোলাইপাড় বাসস্ট্যান্ডে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, আমি পটুয়াখালীর দশমিনা যাব। সকাল ৬টার দিকে এসেছি। চাকরির চাপ বেশি হওয়ায় প্রথম গাড়িতে টিকিট পাইনি। কিংস পরিবহনের দ্বিতীয় গাড়িতে টিকিট কেটেছি। ৬০০ টাকার ভাড়া ১ হাজার টাকা নিচ্ছে।
আব্দুর রহিম আরও বলেন, সড়ক পরিবহন মন্ত্রী বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তার কথা কেউ শুনছে না। সরকারেরও কোনো মনিটরিং আছে বলে মনে হচ্ছে না।
পটুয়াখালী রুটে চলাচল করা দশমিনা পরিবহনের কর্মী কাদের দফাদার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারের চার্ট অনুযায়ী পটুয়াখালীর ভাড়া ৯৩০ টাকা। আমাদের গাড়ি যায় আরও ৩০ কিলোমিটার ভেতরে। সেই অনুযায়ী এক হাজার টাকার ভাড়া, আমরা বেশি ভাড়া নিচ্ছি না।
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত কাউন্টারের বাইরে সড়কের ওপর থেকেই অনেক বাসে যাত্রী তোলা হচ্ছে। এতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি ভাড়ায় যাতায়াত করছেন। নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। ধোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠার মুখে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিআরটিএর ভ্রাম্যমাণ টিমও কিছু এলাকায় অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। তারপরও যাত্রীদের অভিযোগ, মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার না হলে ঈদযাত্রায় ভোগান্তি কমবে না।
আরএমএম/এমআরএম
What's Your Reaction?