ঈদের দিনই পরিচ্ছন্ন ঢাকার চ্যালেঞ্জ, শুরু বর্জ্য অপসারণ অভিযান

    রাজধানীতে পবিত্র ঈদুল আজহার আনন্দের সঙ্গে যেন বর্জ্যের দুর্গন্ধ ও ভোগান্তি না জড়ায় সেই লক্ষ্য নিয়ে কোরবানির দিন দুপুর থেকেই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে পরিচ্ছন্ন করতে ব্যাপক জনবল, যানবাহন ও বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলের উদ্দেশ্যে কোরবানির বর্জ্য পরিবহন শুরু হবে। প্রথম দিনের সব বর্জ্য রাত সাড়ে ৯টার মধ্যেই অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ঈদের দিন ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে তারা প্রস্তুত। রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকেই পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন। কোথাও ট্রাকে বর্জ্য তোলা হচ্ছে, কোথাও আবার ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণের কাজ চলছে। নগরবাসীও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের এমন উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। রামপুরার কোরবা

ঈদের দিনই পরিচ্ছন্ন ঢাকার চ্যালেঞ্জ, শুরু বর্জ্য অপসারণ অভিযান

 

 

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার আনন্দের সঙ্গে যেন বর্জ্যের দুর্গন্ধ ও ভোগান্তি না জড়ায় সেই লক্ষ্য নিয়ে কোরবানির দিন দুপুর থেকেই বর্জ্য অপসারণে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন। নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীকে পরিচ্ছন্ন করতে ব্যাপক জনবল, যানবাহন ও বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলের উদ্দেশ্যে কোরবানির বর্জ্য পরিবহন শুরু হবে। প্রথম দিনের সব বর্জ্য রাত সাড়ে ৯টার মধ্যেই অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ঈদের দিন ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে তারা প্রস্তুত।

রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকেই পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তায় নেমে পড়েন। কোথাও ট্রাকে বর্জ্য তোলা হচ্ছে, কোথাও আবার ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণের কাজ চলছে। নগরবাসীও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের এমন উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন।

রামপুরার কোরবানির বর্জ্য অপসারণের কাজ করা খালেদ বলেন, যেখানেই ময়লা পাচ্ছি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি। 

খিলগাঁওয়ে বর্জ্য অপসারণের কাজ করা আছিয়া বলেন, আমরা ১২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছি। রাত পর্যন্ত আমরা কাজ করে যাবো। সব বর্জ্য নিয়ে যেতে আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।

খিলগাঁওয়ের বাসিন্দা আফজাল মনির বলেন, এবার মনে হচ্ছে আগেভাগেই সিটি করপোরেশনের লোকজন বর্জ্য অপসারণে মাঠে নেমে পড়েছে। এটা ভালো লাগছে। দ্রুত বর্জ্য অপসারণ হলে এলাকায় দুর্গন্ধ থাকবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো মনে হচ্ছে।

রামপুরার বাসিন্দা খালেক মিয়া বলেন, কয়েক বছর ধরেই ঢাকার কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা হচ্ছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়ায় না। এবারও সিটি করপোরেশন দ্রুত বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করেছে। বর্জ্য অপসারণের দায়িত্ব পালনকারীরা ঠিক মতো কাজ করলে এলাকায় দুর্গন্ধ ছড়াবে না।

বুধবার (২৭ মে) ডিএসসিসির নগর ভবনে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় দক্ষিণ সিটির প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সভায় জানানো হয়, ঈদুল আজহার তিন দিনে দক্ষিণ ঢাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২ হাজার ১১৭টি যান-যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাক, কম্প্যাক্টর, পে-লোডারসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন।

দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে এরইমধ্যে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যাতে দ্রুত পরিষ্কার করা যায় এবং পরিবেশ দূষণ না ছড়ায়, সে জন্য পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয় কাউন্সিলরদেরও সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিক প্রশাসক নিয়োগ সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত ছিল। এর ফলে সিটি করপোরেশনগুলোর নাগরিকসেবা কার্যক্রমে গতি এসেছে। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নের ক্ষেত্রে ডিএসসিসি আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে।

অপরদিকে, মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনে আয়োজিত আরেক মতবিনিময় সভায় উত্তর সিটির প্রস্তুতির কথা তুলে ধরা হয়। সেখানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ১৬ হাজার কর্মী মাঠপর্যায়ে কাজ করবেন। এছাড়া সাড়ে ৭০০ বর্জ্যবাহী ট্রাক আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য ডাম্পিংয়ের কাজে নিয়োজিত থাকবে।

ডিএনসিসি জানিয়েছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগে বর্জ্য অপসারণ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ জন্য আমিনবাজার ল্যান্ডফিলে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম ও ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। বর্জ্যবাহী যানবাহনের কার্যক্রম তদারকিতে ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে।

উত্তর সিটি করপোরেশন নগরবাসীর মধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করেছে। পাশাপাশি ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল ও ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন সরবরাহ করা হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা ইনশাআল্লাহ সরকারের নির্ধারিত সময়ের আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে সক্ষম হবো।

এমএএস/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow