একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প
সহসাই হচ্ছে না বাংলাদেশ সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ কাজ। প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়নি। প্রকল্পের ব্যয় ধরা হয় ৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদনের একনেক সভায় উপস্থাপন করা হলেও তা ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আসন্ন সভায় উপস্থাপিত হয়। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দ্বিতীয় একনেক সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয় আজ। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণকেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। সরকারি অর্থায়নে ২০২৯ সালের জুন মেয়াদের মধ্যে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সচিবালয় প্রাঙ্গণে অধিকসংখ্যক মন্ত্রণালয় ও বিভাগের স্থান সংকুলান, জমির সুষ্ঠু ব্যবহার ও সরকারি অর্থের সুষ্ঠু উপযোগিতা নিশ্চিত করাই হলো প্রকল্পটির উদ্দেশ্য।