এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার
তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে বিক্রির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে মস্কো। এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে। তবে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে আঙ্কারাকে মার্কিন পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে সংরক্ষিত তুরস্কের জন্য তৈরি ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানও এখনো হস্তান্তর করা হয়নি। ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন ও আঙ্কারার সম্পর্ক উন্নতির পথে এগোয়। এরপর থেকেই এস-৪০০ ইস্যুর সমাধান এবং তুরস্কের এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তি দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ২০২০ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) অনুযায়ী, এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে হলে তুরস্ককে নিশ্চিত করতে হবে য
তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে বিক্রির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে মস্কো। এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে। তবে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এর জেরে আঙ্কারাকে মার্কিন পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়। একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে সংরক্ষিত তুরস্কের জন্য তৈরি ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানও এখনো হস্তান্তর করা হয়নি।
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর ওয়াশিংটন ও আঙ্কারার সম্পর্ক উন্নতির পথে এগোয়। এরপর থেকেই এস-৪০০ ইস্যুর সমাধান এবং তুরস্কের এফ-৩৫ কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তি দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) অনুযায়ী, এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে হলে তুরস্ককে নিশ্চিত করতে হবে যে তাদের কাছে আর এস-৪০০ ব্যবস্থা নেই। একই আইন তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তও কঠোর করে।
গত দেড় বছর ধরে সংকট সমাধানে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। একটি প্রস্তাবে এস-৪০০-এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে সংরক্ষণ করে সিস্টেমটি অকার্যকর করার কথা ছিল। তবে এতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় বিকল্পটি গ্রহণযোগ্য হয়নি।
রুশ ও তুর্কি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে এস-৪০০ তৃতীয় কোনো দেশের কাছে বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। সেই দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে এসেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তৃতীয় কোনো দেশের কাছে এস-৪০০ বিক্রির বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিস্তারিত প্রকাশ করা হয়নি।
একটি রুশ সূত্র জানিয়েছে, তুরস্কের প্রস্তাবের জবাবে মস্কোর অবস্থান ছিল, কেন নয়? তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়া চাইবে, ইউএইর কাছে বিক্রি হলেও আঙ্কারার সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির সব শর্ত কঠোরভাবে মেনে চলা হোক।
তুর্কি সূত্রগুলোর দাবি, সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে রাশিয়ার তৈরি প্যান্টসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যময় করার নীতির অংশ হিসেবেই এস-৪০০ কেনার বিষয়টি বিবেচনা করছে।
তবে কয়েকজন ইউরোপীয় বিশ্লেষকের মতে, চলমান আঞ্চলিক সংঘাতে ইরানকে রাশিয়ার সমর্থনের কারণে আবুধাবি ও মস্কোর মধ্যে কিছু কৌশলগত অস্বস্তি তৈরি হয়েছে। ফলে সম্ভাব্য চুক্তির রাজনৈতিক দিকও গুরুত্ব পাচ্ছে।
তবে এস-৪০০ বিক্রির চুক্তি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পন্ন হলে সেটির ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্রগুলো আরও জানিয়েছে, অতীতে মস্কো এস-৪০০ ফেরত নিতে রাজি হয়নি। সম্প্রতি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
এই চুক্তিতে সম্মতি দেওয়ার বিনিময়ে রাশিয়া তুরস্কের কাছ থেকে বিভিন্ন কৌশলগত সুবিধা চাইতে পারে। বিশেষ করে দুই দেশের গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ চুক্তির নবায়ন নিয়ে চলমান আলোচনায় মস্কো বিষয়টিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
What's Your Reaction?