কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সনাতনী সমাজ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সনাতনী জোটের পক্ষে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা অবগত আছেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও ছিনতাইকারীদের হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাকে জড়িয়ে সেই মহলটি মিথ্যা কুৎসিত প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা সনাতনী সমাজ এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আপনারা জানেন, গত মে মাসে বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা আমাদের এক সনাতনি ভাই বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত হন। বুলেট বৈরাগীর মৃত্যুর পর তার পরিবার তার শিশু সন্তানকে সান্তনা দিতে তার বাসায় ছুটে যান মানবিক এমপি মনিরুল হক চৌধুরী। তিনি বুলেট বৈরাগীর বাবা-মা স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। তাদের একমাত্র সন্তান বুলেট বৈরাগীকে হারিয়ে পরিবার যখন দিকপালহীন হয়ে পড়েছে তখন তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী। বুলেট বৈরাগীর পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।
শ্যামল কৃষ্ণ সাহা বলেন, মনিরুল হক চৌধুরী বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার দাবিতে তিনি সংসদে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও কথা বলেছেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আমাদের সনাতনি সমাজে বিষয়টি ইতিবাচক ভাবে প্রশংসিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লার আহ্বায়ক বলেন, কিন্তু এমন একটি মহৎ কাজকে ভিন্ন অর্থ দাঁড় করিয়ে একটি বিশেষ মহল অপপ্রচার করছে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে একটি দলের সংসদ সদস্যকে ঘিরে কিছু কুরুচীপূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সে ইস্যুকে ধামাচাপা দিতে ও ভিন্ন মোড় ঘোরাতে তারা একজন মানবিক ও ধর্মপ্রাণ মনিরুল হক চৌধুরীকে নিয়ে এ ধরনের কুৎসিত অপপ্রচার রটাচ্ছে। যা অত্যন্ত গর্হীত ও নিন্দনীয় কাজ বটে। আমরা সকল সনাতনী সমাজ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি যারা ফেক আইডি থেকে সম্মানিত ব্যক্তির সম্মানহানি করছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার হোক।
তিনি বলেন, আপনারা জানেন, মনিরুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকেই কুমিল্লা-৬ আসনের বেশ কিছু উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা ওয়াসা ইতোমধ্যে গঠিত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের বিষয়টিও ইতোমধ্যে বাজেটে অনুমোদন হয়েছে। এছাড়াও যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লার সহ-সভাপতি অচিন্ত দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমল চন্দ্র খোকন, সাধারণ সম্পাদক তাপস কুমার বকসী, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র তপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, বিএনপি নেতা মাহবুবুল আলম চপলসহ সনাতনী পরিষদের নেতারা।