ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার কাজ শুরু

গত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, শেখ ফজলে শামস পরশসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মিরপুর-১০ নম্বর এলাকায় শহীদ হওয়া আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক। জবানবন্দিতে রাজ্জাক বলেন, মনিপুর স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়ার পাশাপাশি দারাজ-এ চাকরি করতো আমার ছেলে। ১৯ জুলাই মিরপুর-১০ এ আন্দোলনে অংশ নেয় ছেলেটি। সেদিন জুমার নামাজ ওই এলাকার একটি মসজিদে আদায় করে আসিফ। এরপর অসুস্থবোধ করায় জবানবন্দি অসমাপ্ত রেখে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন-সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার কাজ শুরু

গত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, শেখ ফজলে শামস পরশসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মিরপুর-১০ নম্বর এলাকায় শহীদ হওয়া আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক। জবানবন্দিতে রাজ্জাক বলেন, মনিপুর স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়ার পাশাপাশি দারাজ-এ চাকরি করতো আমার ছেলে। ১৯ জুলাই মিরপুর-১০ এ আন্দোলনে অংশ নেয় ছেলেটি। সেদিন জুমার নামাজ ওই এলাকার একটি মসজিদে আদায় করে আসিফ।

এরপর অসুস্থবোধ করায় জবানবন্দি অসমাপ্ত রেখে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় পলাতক অন্য আসামিরা হলেন-সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

গত ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে, ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে দুজন স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এছাড়া গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধীয় অপরাধের দায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্যের সাক্ষী আনতে ব্যর্থ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনু। আজ সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন মিজানুল ইসলাম জানান, ‘ইনুর পক্ষে সাফাই সাক্ষ্য হিসেবে প্রথমে সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের আসার কথা থাকলেও তাকে আনতে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে ইনুর আইনজীবী আরও ৩ জনকে সাক্ষীর নাম দিয়ে এবং দুটো ডকুমেন্ট দাখিল করা অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন এবং ৮ সপ্তাহের জন্য মামলাটি মুলতবি চেয়েছিলেন। ট্রাইব্যুনাল দুই পক্ষের কথা শুনে ন্যায়-বিচারের স্বার্থে উনাদের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন। তারা যে ৩ জন সাক্ষীর নাম দিয়েছিলেন সেখানে একজন বিদেশীকে বাদ দিয়ে বাকি ২জনকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছেন।’

এই মামলায় প্রসিকিউশনের অভিযোগে উল্লেখ করে, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন ছাত্র-জনতা। হাসানুল হক ইনুর নির্দেশে তাদের ওপর গুলি চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। তাদের গুলিতে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এ ছাড়া উসকানি-প্ররোচনাসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে।

ট্রাইব্যুনাল-২ এর আরেক মামলায়, জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় শহীদ হওয়া ইমাম হাসান ভূঁইয়া তাইমকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আবারও পিছিয়ে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। 

অন্যদিকে, জেআইসি সেলে গুমের মামলায় আজ আসামিদের হাজির করার কথা থাকলে সাক্ষী হাজির করতে না পারায় তার শুনানি হয় নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow