কাফরুলের হত্যাকাণ্ড নগরভিত্তিক অবৈধ অর্থনীতির বহিঃপ্রকাশ: আইপিডি
ঢাকার কাফরুলে ময়লার ব্যবসা, ফুটপাত দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডকে নগরসেবাভিত্তিক অবৈধ অর্থনীতি ও রাজনৈতিক প্রভাবের বিপজ্জনক বাস্তবতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। একই সঙ্গে নগরের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনার খাতে গড়ে ওঠা অবৈধ অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের যোগসূত্র ভেঙে দিতে সরকারের প্রতি সাত দফা সুপারিশও তুলে ধরেছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে কাফরুলের হত্যাকাণ্ডের পেছনে নগরসেবাকেন্দ্রিক অবৈধ অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব ও স্থানীয় আধিপত্যের বিষয়টি উঠে এসেছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নগরভিত্তিক অবৈধ অর্থনীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি বিপজ্জনক বাস্তবতা। আইপিডির মতে, দেশের রাজনীতিতে এখনও এমন একটি সংস্কৃতি বহাল রয়েছে, যেখানে দলীয় পদ-পদবি ও রাজনৈতিক পরিচয়কে জনসেবার পরিবর্তে অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। জু
ঢাকার কাফরুলে ময়লার ব্যবসা, ফুটপাত দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডকে নগরসেবাভিত্তিক অবৈধ অর্থনীতি ও রাজনৈতিক প্রভাবের বিপজ্জনক বাস্তবতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। একই সঙ্গে নগরের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনার খাতে গড়ে ওঠা অবৈধ অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক প্রভাবের যোগসূত্র ভেঙে দিতে সরকারের প্রতি সাত দফা সুপারিশও তুলে ধরেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্যে কাফরুলের হত্যাকাণ্ডের পেছনে নগরসেবাকেন্দ্রিক অবৈধ অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব ও স্থানীয় আধিপত্যের বিষয়টি উঠে এসেছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নগরভিত্তিক অবৈধ অর্থনীতি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার একটি বিপজ্জনক বাস্তবতা।
আইপিডির মতে, দেশের রাজনীতিতে এখনও এমন একটি সংস্কৃতি বহাল রয়েছে, যেখানে দলীয় পদ-পদবি ও রাজনৈতিক পরিচয়কে জনসেবার পরিবর্তে অবৈধভাবে অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর এই অপসংস্কৃতির অবসানের যে প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করা হয় বিজ্ঞপ্তিতে।
সংস্থাটি জানায়, ময়লা সংগ্রহ, ফুটপাত, বাজার, পরিবহন, মাঠ-পার্ক, খাল, জলাশয় ও সরকারি জমি দখলকে কেন্দ্র করে একটি সমান্তরাল অবৈধ অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। এসব খাতের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক বলয়ের ভেতরেও সংঘাত, সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিকরা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার পরও অনেক এলাকায় ময়লা অপসারণের জন্য আলাদাভাবে অর্থ দিতে বাধ্য হচ্ছেন। এই ব্যবস্থার বৈধতা নিয়ে আদালতে রিটও হয়েছে। আইপিডির দাবি, সিটি করপোরেশন চাইলে আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পুরো ময়লা সংগ্রহ ও অপসারণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে এনে রাজস্ব বাড়াতে পারে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে পারে।
একই সঙ্গে ফুটপাত, সরকারি জমি, খাল, জলাশয়, পার্ক ও উন্মুক্ত স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসাকে শক্তিশালী নগর মাফিয়াতন্ত্র হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির কারণে এসব দখলদারত্ব দীর্ঘদিন ধরে টিকে থাকায় নাগরিকদের চলাচল, পরিবেশ ও জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিকল্পিত নগর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
আইপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত কাউন্সিলর বা জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং প্রশাসকদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়ায় জবাবদিহিতা দুর্বল হয়েছে। এতে অবৈধ গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ শুদ্ধি, ময়লা সংগ্রহ পুরোপুরি সিটি কর্পোরেশনের আওতায় আনা, ফুটপাত ও সরকারি স্থাপনা দখলমুক্ত করা, নগরসেবার সব ইজারা ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং নগরভিত্তিক অবৈধ অর্থনীতি নির্মূলে সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে আইপিডি।
সংস্থাটি বলেছে, কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে এ ধরনের সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। অবৈধ অর্থনীতির উৎস বন্ধ করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে না পারলে নগরসেবাকে কেন্দ্র করে সংঘাত ও প্রাণহানির পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।
এমএমএ/এমএএইচ/
What's Your Reaction?