চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা
গাজীপুরের পূবাইল থানার কলেজ গেট এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে মো. জুয়েল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. জুয়েল পূবাইল থানার খিলগাঁও গ্রামের মুজাই সাধুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জুয়েলের বিরুদ্ধে একটি অটোরিকশা চুরি করে বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শুক্রবার বেলা ১১টার মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময় নির্ধারণ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে জুয়েল জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় রুস্তম, তার বাবা সোবহানসহ কয়েকজন জুয়েলের বাড়িতে যান। সে সময় জুয়েল ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পরে তাকে সেখান থেকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন
গাজীপুরের পূবাইল থানার কলেজ গেট এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় সালিশে জরিমানা করাকে কেন্দ্র করে মো. জুয়েল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. জুয়েল পূবাইল থানার খিলগাঁও গ্রামের মুজাই সাধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জুয়েলের বিরুদ্ধে একটি অটোরিকশা চুরি করে বিক্রির অভিযোগ উঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একটি সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শুক্রবার বেলা ১১টার মধ্যে জরিমানার টাকা পরিশোধের সময় নির্ধারণ করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে জুয়েল জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় রুস্তম, তার বাবা সোবহানসহ কয়েকজন জুয়েলের বাড়িতে যান। সে সময় জুয়েল ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। পরে তাকে সেখান থেকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?