ডা. জিসানের স্মরণে বিনামূল্যে চিকিৎসা পেলো দেড় শতাধিক রোগী
মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন তরুণ চিকিৎসক ডা. আবিদ হাসান জিসান। কিন্তু সময়ের নির্মমতায় তার সেই স্বপ্নময় পথচলা থেমে গেছে অনেক আগেই। তবুও তিনি রয়ে গেছেন মানুষের হৃদয়ে, ভালোবাসায় এবং সেবার আদর্শে। প্রয়াত এই চিকিৎসকের স্মৃতি বাঁচিয়ে রাখতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান। শনিবার (৩০ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএমএসএ) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম ডা. আবিদ হাসান জিসানের বাবা ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব। ছেলের স্মৃতি ঘিরে আয়োজিত এ মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, জিসান সবসময় মানুষের জন্য কিছু করতে চাইত। আজ তার স্মরণে মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. ইমরান হোসেন (এমবিবিএস, এফসিপিএস), ডা. আব্দুল মোমিন হৃদয় (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ; বি
মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন তরুণ চিকিৎসক ডা. আবিদ হাসান জিসান। কিন্তু সময়ের নির্মমতায় তার সেই স্বপ্নময় পথচলা থেমে গেছে অনেক আগেই। তবুও তিনি রয়ে গেছেন মানুষের হৃদয়ে, ভালোবাসায় এবং সেবার আদর্শে।
প্রয়াত এই চিকিৎসকের স্মৃতি বাঁচিয়ে রাখতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান।
শনিবার (৩০ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএমএসএ) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম ডা. আবিদ হাসান জিসানের বাবা ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব।
ছেলের স্মৃতি ঘিরে আয়োজিত এ মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, জিসান সবসময় মানুষের জন্য কিছু করতে চাইত। আজ তার স্মরণে মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. ইমরান হোসেন (এমবিবিএস, এফসিপিএস), ডা. আব্দুল মোমিন হৃদয় (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ; বিসিএস ৪৮তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত), ডা. মো. রাকিব (সহ-সভাপতি, সিএমএসএ) এবং ডা. মো. শাহরিয়ার সিয়াম (সভাপতি, সিএমএসএ)।
চিকিৎসা কার্যক্রমে সহায়তা করেন মেডিকেল শিক্ষার্থী মোছা. শারমিন, তাহমিদা ছন্দা, শিউলী ও আশিক মিসবাহ।
চিকিৎসাসেবা শেষে মরহুম ডা. আবিদ হাসান জিসানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। উপস্থিত অনেকেই স্মরণ করেন জিসানের বিনয়ী আচরণ, মানুষের প্রতি তার মমত্ববোধ এবং চিকিৎসা সেবাকে ঘিরে তার স্বপ্নের কথা।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে মিশন প্রগতি চেইন অব ইউনিটি এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিমের স্বেচ্ছাসেবকরা।
হুসাইন মালিক/এফএ/জেআইএম
What's Your Reaction?