দীর্ঘদিন অসুস্থ অভিনেতা হান্নান শেলী, সংসার চলছে স্ত্রীর আয়ে
গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। একসময় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা বর্তমানে প্রায় শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তার জন্য কষ্টকর। জাগো নিউজের সঙ্গে আলাপকালে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেন হান্নান শেলী। তিনি জানান, তার অসুস্থতা নিয়ে বিভিন্ন ভুল তথ্য ও বার্তা ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, ‘ভুল কিছু মেসেজ যাচ্ছে। শিল্পীরা আমার খোঁজখবর নিচ্ছেন। তবে বাস্তবে ঢাকা থেকে কারও পক্ষে আসা সম্ভব হয়নি। পনিরের বাড়ি আমার এলাকার কাছেই। সে আমাকে দেখতে এসেছিলো।’ চিকিৎসার বিষয়ে এই অভিনেতা বলেন, ‘এক মাস আগে ভারতে ডাক্তার দেখিয়ে এসেছি। তারা তিন মাসের ওষুধ দিয়েছেন। নিয়মিত সেগুলো খাচ্ছি।’ আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। হান্নান শেলী বলেন, ‘আমার তো কোনো টাকা নেই। আমার স্ত্রী একজন শিক্ষক। তার আয়ের ওপরই সংসার চলছে। সবকিছু সে-ই সামলাচ্ছে।’ একাকীত্বের কষ্টের কথাও জানিয়ে তিনি বলেন, ‘একলা থাকলে খুব খারাপ লাগে। কেউ ফোন দিলে খুব ভালো লাগে। অনেক দিন ধরে বাসায় আছি তো...’ এদিকে, অভিনেতার চিকিৎসা ও সহা
গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। একসময় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা বর্তমানে প্রায় শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তার জন্য কষ্টকর।
জাগো নিউজের সঙ্গে আলাপকালে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেন হান্নান শেলী। তিনি জানান, তার অসুস্থতা নিয়ে বিভিন্ন ভুল তথ্য ও বার্তা ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, ‘ভুল কিছু মেসেজ যাচ্ছে। শিল্পীরা আমার খোঁজখবর নিচ্ছেন। তবে বাস্তবে ঢাকা থেকে কারও পক্ষে আসা সম্ভব হয়নি। পনিরের বাড়ি আমার এলাকার কাছেই। সে আমাকে দেখতে এসেছিলো।’
চিকিৎসার বিষয়ে এই অভিনেতা বলেন, ‘এক মাস আগে ভারতে ডাক্তার দেখিয়ে এসেছি। তারা তিন মাসের ওষুধ দিয়েছেন। নিয়মিত সেগুলো খাচ্ছি।’
আর্থিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। হান্নান শেলী বলেন, ‘আমার তো কোনো টাকা নেই। আমার স্ত্রী একজন শিক্ষক। তার আয়ের ওপরই সংসার চলছে। সবকিছু সে-ই সামলাচ্ছে।’
একাকীত্বের কষ্টের কথাও জানিয়ে তিনি বলেন, ‘একলা থাকলে খুব খারাপ লাগে। কেউ ফোন দিলে খুব ভালো লাগে। অনেক দিন ধরে বাসায় আছি তো...’
এদিকে, অভিনেতার চিকিৎসা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় দুই মাস আগে সংগঠনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পী কল্যাণ তহবিলে তার ফাইল পাঠানো হয়েছে।
অপু বলেন, ‘এখনো সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টি নিয়মিত তদারকি করছি। তার শারীরিক অবস্থার বিষয়েও আমরা অবগত রয়েছি।’
আব্দুল হান্নান শেলী বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত ‘দুই দিনের দুনিয়া’। গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন।
এমআই/এলআইএ
What's Your Reaction?