পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, আটক ৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ভিডিওটি নদীর পাড় থেকে এক ব্যক্তি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তিরা হলেন, নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সাত্তার বেপারির ছেলে সোহাগ বেপারি (৩৮), কানারগাঁও এলাকার মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি এলাকার খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই নড়িয়ার নদীপথে চলাচলরত বালুবাহী নৌযান থেকে সংঘবদ্ধ একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না দিলে নৌযান আটকে রাখা বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। তবে ভুক্তভোগীরা
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ভিডিওটি নদীর পাড় থেকে এক ব্যক্তি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক ব্যক্তিরা হলেন, নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সাত্তার বেপারির ছেলে সোহাগ বেপারি (৩৮), কানারগাঁও এলাকার মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি এলাকার খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই নড়িয়ার নদীপথে চলাচলরত বালুবাহী নৌযান থেকে সংঘবদ্ধ একটি চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। চাঁদা না দিলে নৌযান আটকে রাখা বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। তবে ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি।
ভিডিও ভাইরাল হওয়ার পর রাতভর নড়িয়া থানা পুলিশ পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। শনিবার ভোরে অভিযানকালে ট্রলারে অবস্থানরত রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সোহাগ বেপারিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নদীপথে বালুবাহী নৌযান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নিয়মিত নজরদারি থাকলে নদীপথে চাঁদাবাজি বন্ধ হবে এবং নিরাপদে পণ্য পরিবহন করা সম্ভব হবে।
What's Your Reaction?