ফর্টিসকে মূলপর্বে তুললেন ইব্রাহিম

বসুন্ধরা কিংস আর আবাহনী বিদেশি ফুটবলারদের পাওনা মেটাতে না পারার মাশুল গুনে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের অধিকার হারিয়েছে। সেই ফাঁক গলিয়েই আলোয় এলো ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইতিহাস লিখল করপোরেট ক্লাবটি। ২০২০ সালে বাড্ডাকেন্দ্রিক ফর্টিস গ্রুপের হাত ধরে জন্ম নেওয়া ক্লাবটি গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়ায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কিংস আর আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা আর ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ না হওয়ায় আচমকাই খুলে যায় দুয়ার। হঠাৎ পাওয়া এ সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি রাখল মাসুদ পারভেজ কায়সারের দল। প্রস্তুতির দিক থেকে অবশ্য শুরুতে পিছিয়েই ছিল ফর্টিস। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। মাঝে প্রতিযোগিতামূলক ম্যাচের স্বাদ পায়নি দলটি। উল্টো দিকে মুরাস তখনো নিয়মিত খেলছিল কিরগিজ লিগে, ঢাকায় আসার চার দিন আগেও মাঠে নেমেছিল তারা। তবু অজুহাত খুঁজতে চাননি কায়সার। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা র

ফর্টিসকে মূলপর্বে তুললেন ইব্রাহিম

বসুন্ধরা কিংস আর আবাহনী বিদেশি ফুটবলারদের পাওনা মেটাতে না পারার মাশুল গুনে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের অধিকার হারিয়েছে। সেই ফাঁক গলিয়েই আলোয় এলো ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইতিহাস লিখল করপোরেট ক্লাবটি।

২০২০ সালে বাড্ডাকেন্দ্রিক ফর্টিস গ্রুপের হাত ধরে জন্ম নেওয়া ক্লাবটি গত মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়ায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কিংস আর আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা আর ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ না হওয়ায় আচমকাই খুলে যায় দুয়ার। হঠাৎ পাওয়া এ সুযোগ কাজে লাগানোর প্রতিশ্রুতি রাখল মাসুদ পারভেজ কায়সারের দল।

প্রস্তুতির দিক থেকে অবশ্য শুরুতে পিছিয়েই ছিল ফর্টিস। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হয়েছে প্রায় আড়াই মাস আগে। মাঝে প্রতিযোগিতামূলক ম্যাচের স্বাদ পায়নি দলটি। উল্টো দিকে মুরাস তখনো নিয়মিত খেলছিল কিরগিজ লিগে, ঢাকায় আসার চার দিন আগেও মাঠে নেমেছিল তারা। তবু অজুহাত খুঁজতে চাননি কায়সার। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা রাখলেন কুশলী এই কোচ।

মুরাস অবশ্য নতুন প্রতিপক্ষ নয় বাংলাদেশের ফুটবলের জন্য। গত বছরই ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে এএফসি প্রতিযোগিতার মূল পর্বে উঠেছিল কিরগিজ ক্লাবটি। সেবার সেমিফাইনাল পর্যন্তও পৌঁছে গিয়েছিল তারা। সেই তেতো স্মৃতি মাথায় রেখেই মাঠে নেমেছিল ফর্টিস, প্রতিশোধের বদলে নিজেদের প্রথম ইতিহাস গড়ার তাগিদ নিয়ে। মাঠের লড়াইয়ে অবশ্য শুরুতে খানিকটা রক্ষণাত্মক ছিল দুই দলই। ১২তম মিনিটে বাঁ দিক দিয়ে ছুটে আসা মোহাম্মদ ইব্রাহিমের দারুণ থ্রু বল কাজে লাগাতে পারেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকউডু।

২১তম মিনিটে পা ওমরের শট পোস্টে লেগে ফেরে, ৩০ মিনিটে তার আরেকটি শট যায় ক্রসবারের ওপর দিয়ে। প্রথমার্ধ তাই থাকে গোলশূন্য, দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় ছন্দ। ৫২তম মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে একক দক্ষতায় বল টেনে বক্সে ঢোকেন পা ওমর, তার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো গড়ানো শটে জাল কাঁপান জাতীয় দলের পরিচিত মুখ মোহাম্মদ ইব্রাহিম। আবাহনী থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ডের গোলেই লেখা হয় ইতিহাসের প্রথম পঙ্‌ক্তি।

উৎসব দীর্ঘস্থায়ী হতে দেয়নি মুরাস। গোল হজমের পরই মরিয়া কিরগিজ দলটি, গোলরক্ষক সুজন পেরেইরাকে ব্যস্ত থাকতে হয়। নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত আসে ৭৪ মিনিটে— বক্সের ভেতর এরিক বিস্তার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান বাহরাইনের রেফারি। কিন্তু ভাগ্য ফিরিয়ে রাখে মুরাসকে, স্পটকিকের শট পোস্টে লেগে ফেরে, স্বস্তি নামে স্বাগতিক শিবিরে। শেষ পনেরো মিনিট রক্ষণ সামলে আর সময় গড়িয়ে জয়টা পকেটে পুরে ফর্টিস। ম্যাচ শেষে মাঠজুড়ে যে উচ্ছ্বাস দেখা যায়, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল— এটা শুধু একটি জয় নয়, বরং প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা একটি ক্লাবের কাছে রীতিমতো স্বপ্নপূরণের মুহূর্ত।

আট বিদেশি ফুটবলার নিয়ে গড়া দল, সীমিত প্রস্তুতি, প্রতিপক্ষের ইউরোপীয় মানের সুযোগ-সুবিধা— সব প্রতিকূলতা পেরিয়ে অর্জিত এই জয় রীতিমতো প্রতীকী এক বার্তা। এখন এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ক্লাবটি। এ মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র, যেখানে নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অপেক্ষায় থাকবে ফর্টিস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow