ফুটপাতের ইফতারিতেও নামিদামি ব্র্যান্ড
ফুটপাতের বলে সবই নিম্নমানের—এমন ধারণা পাল্টে গেছে এবারের ইফতারি বাজারে। নামিদামি ব্র্যান্ডের রেস্টুরেন্টও ইফতারি সামগ্রী বেচতে নেমেছে ফুটপাতে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর ১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুর ১০ গোল চত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকায় দেখা মিলেছে নানা ধরনের ইফতারি সামগ্রীর দোকান। এর মধ্যে কয়েক টেবিল নিয়ে ফুটপাতে বসা অখ্যাত দোকানি, ভ্যানের ভ্রাম্যমাণ বিক্রেতা, ছোট টুল নিয়ে বসা ছোট দোকানির পাশাপাশি নামিদামি ব্র্যান্ডও আছে। নিজেদের রেস্টুরেন্টের সামনে তারাও বাহারী ইফতারি সামগ্রী নিয়ে বসেছে। ক্রেতার চাপও লক্ষ্য করা বেশ। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আল বারাকাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মুসলিম সুইটস অ্যান্ড বেকারি, বনলতা সুইটস, ইসলাম ফুডস, শাহী খানা বাসমতি রেস্টুরেন্ট এবং সুইটস লাভারকে দোকানের সামনেই বিশাল পসরা সাজিয়ে ইফতারি সামগ্রী বিক্রি করতে দেখা গেছে।
এত বড় দোকান ছেড়ে ফুটপাতে কেন? এমন প্রশ্নের জবাবে ব্যস্ত বিক্রয় কর্মী জামাল জানান, ইফতারি সামগ্রী বিক্রির সময় তো খুবই কম। অফিস থেকে ফেরার বা বাসায় যাওয়ার পথে মানুষ দোকানের ভে