বইমেলায় জবির চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা-২০২৬-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ৪টি নতুন গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবারের মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক ও গবেষণামূলক যে ৪টি বই প্রকাশ পেয়েছে সেগুলো হলো : ১. স্মার্টফোন আসক্তি নিয়ে গবেষণা : সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে লিখেছেন ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’। বইটিতে সমসাময়িক সমাজে স্কুলশিক্ষার্থীদের ওপর স্মার্টফোন আসক্তির নেতিবাচক প্রভাব ও এর কারণ বিশ্লেষণ করা হয়েছে। ২. বাংলা সাহিত্যে হাদিস চর্চা : ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ রচিত গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’। এতে দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব এবং বাংলা ভাষা ও সাহিত্যে এর সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরা হয়েছে। ৩. জলবায়ু কূটনীতি : রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর লিখেছেন 'Cli

বইমেলায় জবির চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা-২০২৬-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ৪টি নতুন গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মোড়ক উন্মোচন মঞ্চে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এবারের মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক ও গবেষণামূলক যে ৪টি বই প্রকাশ পেয়েছে সেগুলো হলো :

১. স্মার্টফোন আসক্তি নিয়ে গবেষণা : সমাজবিজ্ঞান বিভাগের ড. আশেক মাহমুদ ও অধ্যাপক ড. ফারহানা জামান যৌথভাবে লিখেছেন ‘Smartphone Addiction in Bangladesh: How School-Children are Affected’। বইটিতে সমসাময়িক সমাজে স্কুলশিক্ষার্থীদের ওপর স্মার্টফোন আসক্তির নেতিবাচক প্রভাব ও এর কারণ বিশ্লেষণ করা হয়েছে।

২. বাংলা সাহিত্যে হাদিস চর্চা : ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ রচিত গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্যে হাদিস চর্চা’। এতে দৈনন্দিন জীবনে হাদিসের গুরুত্ব এবং বাংলা ভাষা ও সাহিত্যে এর সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরা হয়েছে।

৩. জলবায়ু কূটনীতি : রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেজবাহ-উল আজম সওদাগর লিখেছেন 'Climate Diplomacy of Bangladesh: Trends and Issues’। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান ও অভিযোজনভিত্তিক দাবিগুলো গবেষণার মাধ্যমে বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

৪. কমিউনিটি জার্নালিজম : গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম রচিত ‘Voices from the Margins: Community Journalism and Development Realities in Bangladesh’। এই গ্রন্থে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম ও উন্নয়ন-সংকট মূলধারার গণমাধ্যমে কতটুকু প্রতিফলিত হয়, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 

তিনি বলেন, গবেষণাভিত্তিক এই গ্রন্থগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গবেষকদের এই প্রচেষ্টা প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের মানসম্মত প্রকাশনা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শ্রেষ্ঠত্ব তার প্রকাশনার মাধ্যমেই ফুটে ওঠে। এই বইগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি স্টল সাজ-সজ্জা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow