বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কাঠামোবদ্ধ উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে গড়ে ওঠা প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে এরই মধ্যে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে। বিডার তথ্য অনুযায়ী, এই পাইপলাইনে ১৫ শতাংশের বেশি সফল কনভারশন রেট অর্জিত হয়েছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও এগিয়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক কনসেপ্ট নোটে এসব তথ্য জানিয়েছে বিডা। সংস্থাটি জানায়, বিনিয়োগ পাইপলাইনের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া। গত বছর থেকে কাঠামোবদ্ধ লিড জেনারেশন, বিনিয়োগকারীদের নিয়মিত অনুসরণ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সহায়তার ফলে বেশ কয়েকটি বড় বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়নের পথে এগিয়েছে। বিডা জানায়, সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্পগুলোর একটি হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫-এ প্রতিষ্ঠানটি প্রথমে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়ো
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কাঠামোবদ্ধ উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে। ২০২৫ সালে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে নিয়ে গড়ে ওঠা প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে এরই মধ্যে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছে।
বিডার তথ্য অনুযায়ী, এই পাইপলাইনে ১৫ শতাংশের বেশি সফল কনভারশন রেট অর্জিত হয়েছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী বৈশ্বিক মানদণ্ডের তুলনায়ও এগিয়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক কনসেপ্ট নোটে এসব তথ্য জানিয়েছে বিডা।
সংস্থাটি জানায়, বিনিয়োগ পাইপলাইনের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া। গত বছর থেকে কাঠামোবদ্ধ লিড জেনারেশন, বিনিয়োগকারীদের নিয়মিত অনুসরণ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সহায়তার ফলে বেশ কয়েকটি বড় বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়নের পথে এগিয়েছে।
বিডা জানায়, সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্পগুলোর একটি হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫-এ প্রতিষ্ঠানটি প্রথমে ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগের সমঝোতা স্মারক (এমওইউ) সই করলেও পরে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সমন্বিত সহায়তায় বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করে। প্রথম ধাপে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে পোশাক কারখানা নির্মাণ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ২২০ মিলিয়ন ডলার বিনিয়োগে সমন্বিত টেক্সটাইল ও অ্যাপারেল কমপ্লেক্স গড়ে তোলা হবে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বিডার তথ্য অনুযায়ী, চীনের শানডং হেনগলি টেক্সটাইল টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি কোম্পানি নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগে আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করছে। বিডার ভাষ্য, এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের উন্নত টেক্সটাইল উৎপাদন প্রযুক্তি চালু হবে। এদিকে শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে। বিডার সহায়তায় সম্পন্ন হওয়া এই চুক্তিকে দেশের জীবন বিমা খাতে গুরুত্বপূর্ণ বৈদেশিক বিনিয়োগ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল বিমা সেবা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আন্ডাররাইটিং এবং দ্রুত ক্লেইম নিষ্পত্তি প্রযুক্তি চালুর পরিকল্পনা নিয়েছে।
এছাড়া চীনের চায়না লেসো গ্রুপ চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে প্লাস্টিক ও নির্মাণসামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করছে। সেখানে পিভিসি পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি সামগ্রী, দরজা-জানালা, ওয়াটার পিউরিফায়ার ও অন্যান্য নির্মাণসামগ্রী উৎপাদিত হবে। এছাড়া মালয়েশিয়ার রিটেইল ব্র্যান্ড এমআর ডিআইওয়াই বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ১৭টির বেশি মেগাস্টোর পরিচালনা করছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম এয়ারলাইন অ্যামেনিটি কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেগারিচ বাংলাদেশে প্রায় ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য অন-বোর্ড লাইফস্টাইল পণ্য উৎপাদন করবে, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি করবে।
বিডা জানিয়েছে, গত ১২ থেকে ১৫ মাসে দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছানো ইতিবাচক অগ্রগতি। সংস্থাটি এখন খাত ও দেশভিত্তিক লক্ষ্য নির্ধারণ করে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করছে। আগামী বছর নতুন করে আরও দেড় বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিডা। সংস্থাটির মতে, নিবেদিত টিম ও বিশেষায়িত ডেস্কের মাধ্যমে বিনিয়োগ অনুসন্ধান ও পাইপলাইন ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।
এসএম/একিউএফ
What's Your Reaction?
