বিশ্ব সমুদ্র দিবস: সম্ভাবনা ও নীল অর্থনীতির ভবিষ্যৎ
প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস। জাতিসংঘ ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দিনটি স্বীকৃতি দেয়, যদিও এর ধারণাগত সূচনা আরও আগে—১৯৯২ সালের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে। সেখানেই প্রথমবারের মতো সমুদ্রকে বৈশ্বিক টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচনা করার দাবি জোরালো হয়। সেই থেকে দিনটি কেবল একটি আনুষ্ঠানিক স্মরণ নয়, বরং মানবসভ্যতার অস্তিত্ব, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ককে নতুন করে ভাবার একটি বৈশ্বিক আহ্বান। সমুদ্র শুধু জলরাশি নয়; এটি পৃথিবীর ফুসফুস, জলবায়ুর নিয়ন্ত্রক, জীববৈচিত্র্যের আধার এবং বৈশ্বিক বাণিজ্যের প্রধান পথ। পৃথিবীর প্রায় ৭১ শতাংশই সমুদ্র দ্বারা আচ্ছাদিত। বৈজ্ঞানিক গবেষণা বলছে, বৈশ্বিক অক্সিজেনের অন্তত ৫০ শতাংশের বেশি আসে সামুদ্রিক উদ্ভিদ প্ল্যাঙ্কটন থেকে। অথচ এই বিশাল সম্পদ আজ দূষণ, অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন ও অদূরদর্শী উন্নয়ননীতির কারণে মারাত্মক হুমকির মুখে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব সমুদ্র দিবস কেবল পরিবেশগত সচেতনতার বিষয় নয়, এটি একটি অস্তিত্বগত প্রশ্ন। কারণ বাংলাদেশ বাস্তব অর্থেই একটি সমুদ্রপাড়ে
প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস। জাতিসংঘ ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দিনটি স্বীকৃতি দেয়, যদিও এর ধারণাগত সূচনা আরও আগে—১৯৯২ সালের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে। সেখানেই প্রথমবারের মতো সমুদ্রকে বৈশ্বিক টেকসই উন্নয়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে বিবেচনা করার দাবি জোরালো হয়। সেই থেকে দিনটি কেবল একটি আনুষ্ঠানিক স্মরণ নয়, বরং মানবসভ্যতার অস্তিত্ব, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে সমুদ্রের গভীর সম্পর্ককে নতুন করে ভাবার একটি বৈশ্বিক আহ্বান।
সমুদ্র শুধু জলরাশি নয়; এটি পৃথিবীর ফুসফুস, জলবায়ুর নিয়ন্ত্রক, জীববৈচিত্র্যের আধার এবং বৈশ্বিক বাণিজ্যের প্রধান পথ। পৃথিবীর প্রায় ৭১ শতাংশই সমুদ্র দ্বারা আচ্ছাদিত। বৈজ্ঞানিক গবেষণা বলছে, বৈশ্বিক অক্সিজেনের অন্তত ৫০ শতাংশের বেশি আসে সামুদ্রিক উদ্ভিদ প্ল্যাঙ্কটন থেকে। অথচ এই বিশাল সম্পদ আজ দূষণ, অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন ও অদূরদর্শী উন্নয়ননীতির কারণে মারাত্মক হুমকির মুখে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব সমুদ্র দিবস কেবল পরিবেশগত সচেতনতার বিষয় নয়, এটি একটি অস্তিত্বগত প্রশ্ন। কারণ বাংলাদেশ বাস্তব অর্থেই একটি সমুদ্রপাড়ের দেশ। প্রায় ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা, বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশি এবং এর সঙ্গে যুক্ত অসংখ্য দ্বীপ ও চর আমাদের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। একদিকে এই সমুদ্র আমাদের জন্য অফুরন্ত সম্ভাবনার দ্বার, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার মতো ভয়াবহ ঝুঁকির উৎস।
আমরা যদি সমুদ্র জয়কে কেবল ভূখণ্ডগত বিজয় হিসেবে দেখি, তবে তা অসম্পূর্ণ থেকে যাবে। প্রকৃত বিজয় তখনই হবে, যখন আমরা এই বিশাল জলরাশিকে জ্ঞান, প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় সমৃদ্ধির উৎসে রূপান্তর করতে পারব। সমুদ্র আমাদের দরজায় কড়া নাড়ছে সম্ভাবনার বার্তা নিয়ে; এখন দেখার বিষয়, আমরা সেই দরজা কতটা প্রজ্ঞার সঙ্গে খুলতে পারি।
এক সময় বঙ্গোপসাগরের জলসীমা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অনিশ্চয়তা ও বিরোধ ছিল। বিশেষ করে মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে দীর্ঘ আইনি ও কূটনৈতিক লড়াইয়ের পর আন্তর্জাতিক সালিশি আদালতের রায় বাংলাদেশের পক্ষে আসে ২০১২ ও ২০১৪ সালে। এর মাধ্যমে বাংলাদেশ তার ন্যায্য সমুদ্রসীমা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই অর্জন কেবল কূটনৈতিক জয় নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন কৌশলের জন্য এক ঐতিহাসিক ভিত্তি।
এই রায়ের ফলে বাংলাদেশ এখন বিশাল সমুদ্র অঞ্চলের ওপর সার্বভৌম অধিকার পেয়েছে, যেখানে রয়েছে সম্ভাব্য তেল-গ্যাস, সামুদ্রিক খনিজ সম্পদ, মাছ ও জৈবসম্পদ। বিশেষজ্ঞরা একে বাংলাদেশের জন্য ‘সমুদ্রভিত্তিক নতুন অর্থনৈতিক সীমান্ত’ হিসেবে অভিহিত করছেন। কিন্তু প্রশ্ন হলো—আমরা কি এই সীমান্তকে যথাযথভাবে কাজে লাগাতে পেরেছি?
এখানেই আসে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির ধারণা। নীল অর্থনীতি বলতে সমুদ্র ও জলসম্পদকে টেকসইভাবে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করাকে বোঝায়। বিশ্বব্যাংক ও জাতিসংঘের গবেষণা অনুযায়ী, বৈশ্বিক সমুদ্র অর্থনীতির আকার ইতিমধ্যে কয়েক ট্রিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশের মতো উপকূলীয় উন্নয়নশীল দেশের জন্য এটি হতে পারে নতুন উন্নয়ন চালিকাশক্তি।
বাংলাদেশের রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত—কক্সবাজার সমুদ্র সৈকত, যা পর্যটন অর্থনীতির জন্য এক অপার সম্ভাবনার দ্বার। পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ, কুয়াকাটা সমুদ্র সৈকতসহ উপকূলীয় অঞ্চলগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ সামুদ্রিক পর্যটন অর্থনীতি।
আধুনিক অবকাঠামো, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পরিবেশবান্ধব হোটেল-রিসোর্ট, দক্ষ ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রচারণা নিশ্চিত করতে পারলে এই খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। একই সঙ্গে এটি উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে। পর্যটন বিকাশের মাধ্যমে সমুদ্রকে কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।
বাংলাদেশে ব্লু ইকোনমির সম্ভাবনা বহুমাত্রিক। প্রথমত, মৎস্যসম্পদ। বর্তমানে দেশের মোট প্রোটিন চাহিদার একটি বড় অংশ আসে সামুদ্রিক মাছ থেকে। কিন্তু আধুনিক প্রযুক্তি, গভীর সমুদ্রে মাছ ধরা সক্ষমতা এবং সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছি না। দ্বিতীয়ত, জ্বালানি সম্পদ। বঙ্গোপসাগরের তলদেশে তেল ও গ্যাসের সম্ভাবনা থাকলেও অনুসন্ধান কার্যক্রম এখনো সীমিত। তৃতীয়ত, সামুদ্রিক পর্যটন, শিপিং, বন্দর উন্নয়ন এবং উপকূলীয় শিল্প—সব মিলিয়ে একটি বিস্তৃত অর্থনৈতিক ক্ষেত্র এখানে গড়ে উঠতে পারে।
বিশ্বের বহু দেশ সমুদ্রকে তাদের উন্নয়নের মূল ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। নরওয়ে সমুদ্রভিত্তিক তেল ও গ্যাস শিল্পকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করেছে। জাপান তাদের সীমিত স্থলসম্পদের ঘাটতি পূরণ করেছে সমুদ্র অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর সামুদ্রিক শিল্পের মাধ্যমে। এমনকি ছোট দ্বীপ রাষ্ট্রগুলোও সমুদ্রকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন মডেল গড়ে তুলছে।
বাংলাদেশের মৎস্যসম্পদের মধ্যে ইলিশ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। ইলিশ আমাদের জাতীয় মাছ, যা মূলত বঙ্গোপসাগর ও এর মোহনা অঞ্চলে জন্ম ও প্রজনন করে এবং নদীপথে উজানে আসে। এই মাছ শুধু খাদ্য নয়, বরং একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পদ। ইলিশ উৎপাদন দেশের মোট মাছ উৎপাদনের একটি বড় অংশ জুড়ে রয়েছে এবং লাখ লাখ জেলে পরিবার এর ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশি ইলিশের চাহিদা রয়েছে, যা রপ্তানি আয়ের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। তাই ইলিশকে নীল অর্থনীতির একটি কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করা জরুরি।
বাংলাদেশ যদি সত্যিকার অর্থে ব্লু ইকোনমির সুফল পেতে চায়, তবে কেবল নীতি ঘোষণা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রথমত, সামুদ্রিক গবেষণা ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। একটি শক্তিশালী মেরিন রিসার্চ ইনস্টিটিউট, আধুনিক সমুদ্র পর্যবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষ মানবসম্পদ ছাড়া এই খাত এগোবে না। দ্বিতীয়ত, গভীর সমুদ্রে মাছ ধরার সক্ষমতা বাড়াতে হবে, যাতে আমরা উপকূলীয় সীমার মধ্যে সীমাবদ্ধ না থাকি।
তৃতীয়ত, বন্দর অবকাঠামো ও লজিস্টিকস খাতে উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশ ইতোমধ্যে চট্টগ্রাম ও পায়রা বন্দর উন্নয়নের মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে, তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে আরও বিনিয়োগ ও ব্যবস্থাপনা দক্ষতা প্রয়োজন। চতুর্থত, পরিবেশ রক্ষা ছাড়া কোনো নীল অর্থনীতি টেকসই হতে পারে না। সামুদ্রিক দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি করতে পারে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো—সমুদ্র আমাদের জন্য যেমন সম্ভাবনা, তেমনি ঝুঁকিও বটে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয় এবং লবণাক্ততার বিস্তার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোটি মানুষের জীবিকা ও বসবাস হুমকির মুখে ফেলছে। তাই সমুদ্র শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের দৃষ্টিতেও বিবেচনা করতে হবে।
বিশ্ব সমুদ্র দিবস আমাদের মনে করিয়ে দেয়, সমুদ্রের সঙ্গে মানুষের সম্পর্ক শোষণের নয়, সহাবস্থানের। উন্নয়ন যদি প্রকৃতিকে ধ্বংস করে, তবে তা দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে—একদিকে উন্নয়ন আকাঙ্ক্ষা, অন্যদিকে পরিবেশগত সংকট। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আমরা যদি সমুদ্র জয়কে কেবল ভূখণ্ডগত বিজয় হিসেবে দেখি, তবে তা অসম্পূর্ণ থেকে যাবে। প্রকৃত বিজয় তখনই হবে, যখন আমরা এই বিশাল জলরাশিকে জ্ঞান, প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় সমৃদ্ধির উৎসে রূপান্তর করতে পারব। সমুদ্র আমাদের দরজায় কড়া নাড়ছে সম্ভাবনার বার্তা নিয়ে; এখন দেখার বিষয়, আমরা সেই দরজা কতটা প্রজ্ঞার সঙ্গে খুলতে পারি।
শেষ পর্যন্ত বলা যায়, বিশ্ব সমুদ্র দিবস কেবল একটি প্রতীকী দিন নয়, এটি একটি দায়িত্বের স্মারক। এই দায়িত্ব রাষ্ট্র, নীতিনির্ধারক, গবেষক এবং সাধারণ নাগরিক—সবার। কারণ সমুদ্রের ভবিষ্যৎ মানেই আমাদের ভবিষ্যৎ।
লেখক: সাংবাদিক, কলামিস্ট। ডেপুটি এডিটর, জাগো নিউজ।
[email protected]
এইচআর/এমএফএ/এএসএম
What's Your Reaction?