বিশ্বকাপ প্রদর্শনীর আয়োজককে হত্যায় শোক
গাজায় বিশ্বকাপ ফুটবলে মিশর-আর্জেন্টিনা ম্যাচ শুরুর ঠিক আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন প্রকাশ্য ম্যাচ প্রদর্শনীর অন্যতম আয়োজক ও ত্রাণকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হলে মিশরের ত্রাণ সংস্থার গাজা শাখার কর্মকর্তা মোহাম্মদ আল-ওয়াহিদিসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে গাড়িচালক ৩৩ বছর বয়সী আহমেদ দাগমুশ এবং ১০ বছর বয়সী হামজা আল-দেরি ও তার ৮ বছর বয়সী ভাই ফারিও রয়েছে। শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়া জানান, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে গাজাজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছিলেন আল-ওয়াহিদি। তবে হামলার ঘটনায় উৎসবের পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিলেন হামাসের এক সদস্য। তাদের ভাষ্য অনুযায়ী, আল-ওয়াহিদি লক্ষ্যবস্তু ছিলেন না এবং হামলার প্রকৃত লক্ষ্য কে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত আহমেদ দাগমুশ একজন ট্যাক্সিচালক ছিলেন এবং তার কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্য নেই। মোহাম
গাজায় বিশ্বকাপ ফুটবলে মিশর-আর্জেন্টিনা ম্যাচ শুরুর ঠিক আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন প্রকাশ্য ম্যাচ প্রদর্শনীর অন্যতম আয়োজক ও ত্রাণকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হলে মিশরের ত্রাণ সংস্থার গাজা শাখার কর্মকর্তা মোহাম্মদ আল-ওয়াহিদিসহ চারজন নিহত হন। নিহতদের মধ্যে গাড়িচালক ৩৩ বছর বয়সী আহমেদ দাগমুশ এবং ১০ বছর বয়সী হামজা আল-দেরি ও তার ৮ বছর বয়সী ভাই ফারিও রয়েছে।
শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়া জানান, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে গাজাজুড়ে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছিলেন আল-ওয়াহিদি। তবে হামলার ঘটনায় উৎসবের পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিলেন হামাসের এক সদস্য। তাদের ভাষ্য অনুযায়ী, আল-ওয়াহিদি লক্ষ্যবস্তু ছিলেন না এবং হামলার প্রকৃত লক্ষ্য কে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত আহমেদ দাগমুশ একজন ট্যাক্সিচালক ছিলেন এবং তার কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্য নেই।
মোহাম্মদ আল-ওয়াহিদি যে সংস্থায় কর্মরত ছিলেন, সেটি মিশর সরকারের ত্রাণ সংস্থা। সংস্থাটি গাজায় খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে থাকে।
অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৪ জন নিহত হয়েছেন। বুধবারও পৃথক হামলায় অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু এবং ফিলাডেলফি করিডোর এলাকায় গুলিতে নিহত এক ট্রাকচালক রয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ট্রাকচালক সেনাদের দিকে এগিয়ে আসায় তাকে গুলি করা হয়। এছাড়া গাজা সিটিতে ড্রোন হামলায় আরও একজন নিহত হন।
বিশ্বকাপে মিশর দলের প্রতি গাজার মানুষের সমর্থন বেড়েছে। মিশরের কোচ হোসাম হাসান বিভিন্ন সময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ১১০ জনে পৌঁছেছে। নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।
সূত্র: এপি, সিএনএন
এমএসএম
What's Your Reaction?