ব্যয় সংকটে হজযাত্রায় ভাটা, চট্টগ্রামে কমছে যাত্রী ও ফ্লাইট
চট্টগ্রাম থেকে হজযাত্রীদের সংখ্যা ও ফ্লাইট পরিচালনার হার ক্রমশ কমছে। চলতি বছর ১৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে, তবে ফ্লাইট শিডিউল পর্যালোচনা করে দেখা গেছে, গতবারের তুলনায় যাত্রী ও ফ্লাইট— উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম থেকে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। গত বছর এই সংখ্যা ছিল ১৭টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ফ্লাইট কমেছে একটি। একইভাবে কমেছে হজযাত্রীর সংখ্যাও। এবার চট্টগ্রাম থেকে ৫ হাজার ৬৭৫ জন হজ পালন করতে সৌদি আরবে যাবেন, যা গত বছরের (৬ হাজার ২৩৭ জন) তুলনায় ৫৬২ জন কম। যদিও এই ব্যবধান খুব বড় নয়, তবে ধারাবাহিকভাবে আগ্রহ কমে যাওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালেক জানান, ডলারের উচ্চমূল্য এবং সৌদি আরবে আবাসন ও সেবা খরচ বাড়ার ফলে হজ প্যাকেজের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্তের একটি বড় অংশ হজে যাওয়
চট্টগ্রাম থেকে হজযাত্রীদের সংখ্যা ও ফ্লাইট পরিচালনার হার ক্রমশ কমছে। চলতি বছর ১৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে, তবে ফ্লাইট শিডিউল পর্যালোচনা করে দেখা গেছে, গতবারের তুলনায় যাত্রী ও ফ্লাইট— উভয় ক্ষেত্রেই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম থেকে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ১২টি জেদ্দায় এবং ৪টি মদিনায় যাবে। গত বছর এই সংখ্যা ছিল ১৭টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে ফ্লাইট কমেছে একটি।
একইভাবে কমেছে হজযাত্রীর সংখ্যাও। এবার চট্টগ্রাম থেকে ৫ হাজার ৬৭৫ জন হজ পালন করতে সৌদি আরবে যাবেন, যা গত বছরের (৬ হাজার ২৩৭ জন) তুলনায় ৫৬২ জন কম। যদিও এই ব্যবধান খুব বড় নয়, তবে ধারাবাহিকভাবে আগ্রহ কমে যাওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালেক জানান, ডলারের উচ্চমূল্য এবং সৌদি আরবে আবাসন ও সেবা খরচ বাড়ার ফলে হজ প্যাকেজের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্তের একটি বড় অংশ হজে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসছেন। এছাড়া কিছু মহল হজের পরিবর্তে ওমরাহ পালনের দিকে মানুষকে উৎসাহিত করায় ওমরাহ যাত্রীর সংখ্যা তিন থেকে চার গুণ বাড়লেও হজযাত্রী কমে যাচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান বলেন, ফ্লাইটের ৬ ঘণ্টা আগে চেক-ইন কাউন্টার খোলা হবে। বোর্ডিং, ইমিগ্রেশন ও ব্যাগেজ ব্যবস্থাপনায় বিশেষ সমন্বয় করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ হজযাত্রীদের জন্য হুইলচেয়ার, আলাদা ইমিগ্রেশন কাউন্টার, মেডিকেল টিম ও হেল্পডেস্ক প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও, হজযাত্রীদের নির্ধারিত ফ্লাইট নিয়ে কোনো শঙ্কা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
হজযাত্রা ঘিরে হজযাত্রীদের ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও আবেগঘন বিদায়ের আয়োজন। এদিকে নগরের আন্দরকিল্লা ও টেরিবাজারের দোকানগুলোতে হজসামগ্রী কেনার হিড়িক পড়েছে। ইহরামের কাপড়, বেল্ট, পাসপোর্ট ব্যাগ, ট্রাভেল ব্যাগ ও জায়নামাজসহ প্রয়োজনীয় পণ্য কিনতে ভিড় করছেন হাজিযাত্রীরা।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের বিক্রেতারা জানান, হজের এই মৌসুমেই তাদের সারা বছরের ব্যবসার বড় অংশটি সম্পন্ন হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ট্রাভেল এজেন্ট এইচএম মুজিবুল হক শাকুর বলেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে চট্টগ্রাম থেকে হজ অপারেশন সম্প্রসারণ করা কঠিন হবে। যাত্রী কমে গেলে এর বিরূপ প্রভাব শুধু ধর্মীয় আয়োজনেই নয়, সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য ও সেবা খাতের ওপরও পড়বে।
What's Your Reaction?