রাফাহ সীমান্তে নতুন জীবনের আশা দেখছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এর ফলে উপত্যকার বাসিন্দারা নতুন জীবনের আশা দেখছেন। সীমান্তটি চালু হওয়ার পর আরও ২৫ ফিলিস্তিনি গাজায় ফিরেছেন। একই সঙ্গে জরুরি চিকিৎসার প্রয়োজনে কয়েকজন রোগীকে গাজা থেকে সীমান্তের দিকে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় চালুর পর গাজায় তৃতীয় দল ফিরে এসেছে। ২৫ জনের এই দলটি স্থানীয় সময় ভোর ৩টায় গাজায় প্রবেশ করে। মিসরের এল আরিশ শহর ছাড়ার প্রায় ২০ ঘণ্টা পর বাসযোগে তাদের দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ফেরত আসা ফিলিস্তিনিদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। তারা আল জাজিরার প্রতিবেদকদের জানান, সীমান্ত পার হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তারা জিজ্ঞাসাবাদ, অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একই সঙ্গে নিজের চোখে যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ চিত্র প্

রাফাহ সীমান্তে নতুন জীবনের আশা দেখছে ফিলিস্তিনিরা

ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। এর ফলে উপত্যকার বাসিন্দারা নতুন জীবনের আশা দেখছেন। সীমান্তটি চালু হওয়ার পর আরও ২৫ ফিলিস্তিনি গাজায় ফিরেছেন। একই সঙ্গে জরুরি চিকিৎসার প্রয়োজনে কয়েকজন রোগীকে গাজা থেকে সীমান্তের দিকে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় চালুর পর গাজায় তৃতীয় দল ফিরে এসেছে। ২৫ জনের এই দলটি স্থানীয় সময় ভোর ৩টায় গাজায় প্রবেশ করে। মিসরের এল আরিশ শহর ছাড়ার প্রায় ২০ ঘণ্টা পর বাসযোগে তাদের দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

ফেরত আসা ফিলিস্তিনিদের অনেকেই শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত ছিলেন। তারা আল জাজিরার প্রতিবেদকদের জানান, সীমান্ত পার হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে তারা জিজ্ঞাসাবাদ, অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং একই সঙ্গে নিজের চোখে যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন। ফেরত আসা ফিলিস্তিনি আইশা বালাউই রয়টার্সকে বলেন, এই অনুভূতিটা আনন্দ আর দুঃখের মাঝামাঝি। পরিবারকে ফিরে পেয়ে আমি খুশি, কিন্তু নিজের দেশের এই ধ্বংস দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। আমি কখনো কল্পনাও করিনি ধ্বংস এতটা ভয়াবহ হবে।

তিনি বলেন, বিদেশে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে থাকলেও মানসিক শান্তি পাননি। আমার জায়গা ওখানে নয়। আমার জায়গা এখানে, গাজা।

আলজাজিরা জানিয়েছে, ফেরত আসাদের কয়েক ঘণ্টা পরই সাত ফিলিস্তিনি রোগী ও তাদের ১৪ স্বজনকে বিদেশে চিকিৎসার জন্য রাফাহ সীমান্তের দিকে নেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, রোগীদের একটি বাসে করে সীমান্তের মিসরীয় অংশে পাঠানো হয়েছে।

তবে চিকিৎসা স্থানান্তরের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আল জাজিরার আরেক প্রতিবেদক হানি মাহমুদ। তিনি জানান, আংশিক পুনরায় চালুর পর যতজন রোগী পাঠানোর কথা ছিল, বাস্তবে তার তুলনায় সংখ্যা অনেক কম। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৫০ রোগী ও তাদের সঙ্গে দুজন স্বজন পাঠানোর কথা থাকলেও এ সপ্তাহে এখন পর্যন্ত মাত্র প্রায় ৩০ রোগী স্থানান্তর করা হয়েছে।

হানি জানান, এই গতিতে চললে প্রায় ২০ হাজার গুরুতর অসুস্থ রোগীকে স্থানান্তর করতে কমপক্ষে তিন বছর লেগে যাবে। অথচ তাদের অনেকেরই তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে ২২টি হাসপাতাল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং অন্তত ১,৭০০ চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

মিসরের সঙ্গে গাজার একমাত্র প্রবেশ ও বহির্গমন পথ রাফাহ সীমান্ত যুদ্ধের বেশিরভাগ সময়ই ইসরায়েল বন্ধ করে রেখেছিল। গত সোমবার এটি আংশিকভাবে পুনরায় চালু হয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির একটি শর্ত। তবে কেবল যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদেরই ফেরার অনুমতি দেওয়া হচ্ছে এবং উভয় দিকের যাত্রীরাই কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হচ্ছেন। অনেক নারী আগে আল জাজিরাকে জানান, তাদের চোখ বেঁধে, হাত বেঁধে জিজ্ঞাসাবাদ ও সম্পূর্ণ শরীর তল্লাশি করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণের অধিকার সহায়তা বিষয়ক আন্তর্জাতিক কমিশন (আইসিএসপিআর) বলেছে, ইসরায়েল রাফাহ সীমান্তকে মানবিক করিডরের বদলে নিয়ন্ত্রণ ও আধিপত্যের হাতিয়ারে পরিণত করেছে।

এদিকে, দক্ষিণ গাজায় মানুষ ফেরা ও রোগী স্থানান্তরের মধ্যেই পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলা চলছেই। অক্টোবরের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটিতে আগের দিন ২৩ জন ফিলিস্তিনি নিহত হন।

বৃহস্পতিবার খান ইউনিসে হতাহতের পাশাপাশি মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। গাজা সিটির পূর্ব তুফ্ফাহ এলাকায় বিমান হামলা, গুলিবর্ষণ ও ভারী কামানের গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে। এলাকাটি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন তথাকথিত ‘ইয়েলো লাইনের’ কাছাকাছি অবস্থিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow