শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দুর্ঘটনার আশঙ্কা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছগুলোর উপরের অংশে ঝুলে থাকা শুকনো ডাল যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। উল্লেখ্য, ২০১৮ সালে একই সড়কে নতুন বাজার এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ে ফাহমিদা বেগম নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। তবে সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বর্তমানে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করছে। জনবহুল নতুন বাজার এলাকায় অসংখ্য দোকানপাট থাকায় ঝুঁকির মাত্রা আরও বেড়েছে। অনেক ব্যবসায়ী ঠিক ওই ঝুঁকিপূর্ণ ডালের নিচেই দোকান পরিচালনা করছেন, যা তাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। স্থানীয় মুরগি ব্যবসায়ী আলী হোসেন বলেন, প্রতিদিন আতঙ্ক নিয়ে দোকানে বসে থাকি। বাতাস হলেই মনে হয় এই বুঝি ডাল ভেঙে পড়বে। তিনি আরও জানান, পৌরসভার পূর্ব পাশে স-মিলের কাছে আরেকটি রেইনট্রি গাছের বড় শুকনো ডাল একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ডা. অজয় পা

শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল, দুর্ঘটনার আশঙ্কা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোড সংলগ্ন নতুন বাজার এলাকায় শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাছগুলোর উপরের অংশে ঝুলে থাকা শুকনো ডাল যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একই সড়কে নতুন বাজার এলাকায় একটি গাছের ডাল ভেঙে পড়ে ফাহমিদা বেগম নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়। তবে সেই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করছে। জনবহুল নতুন বাজার এলাকায় অসংখ্য দোকানপাট থাকায় ঝুঁকির মাত্রা আরও বেড়েছে। অনেক ব্যবসায়ী ঠিক ওই ঝুঁকিপূর্ণ ডালের নিচেই দোকান পরিচালনা করছেন, যা তাদের জীবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

স্থানীয় মুরগি ব্যবসায়ী আলী হোসেন বলেন, প্রতিদিন আতঙ্ক নিয়ে দোকানে বসে থাকি। বাতাস হলেই মনে হয় এই বুঝি ডাল ভেঙে পড়বে। তিনি আরও জানান, পৌরসভার পূর্ব পাশে স-মিলের কাছে আরেকটি রেইনট্রি গাছের বড় শুকনো ডাল একইভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ডা. অজয় পাল বলেন, আগেও এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানান, বিষয়টি জেলা পরিষদের আওতাধীন হওয়ায় তা জেলা পর্যায়ের সভায় উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন।

তবে এলাকাবাসীর দাবি, চলমান কালবৈশাখীসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিলম্ব না করে দ্রুত ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow