শিল্পকলায় ১০০ টাকায় দেখা যাবে সিনেমা, প্রযোজক পাবেন কত?
দেশে সিনেমা হলের সংকট দীর্ঘদিনের। বিশেষ করে স্বাধীন চলচ্চিত্রের নির্মাতারা সিনেমা নির্মাণের পর দর্শকের কাছে তা পৌঁছে দিতে গিয়ে পড়েন নানা সমস্যায়। এমন পরিস্থিতিতে বিকল্প প্রদর্শনস্থল হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত সিনেমা প্রদর্শনীর দাবি জানিয়ে আসছিলেন নির্মাতারা। অবশেষে সেই দাবির বাস্তবায়ন শুরু হচ্ছে। এখানে টিকিট বিক্রির টাকা শিল্পকলা একাডেমি ও সিনেমার প্রযোজক পাবেন। আগামী ১৫ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী হতে যাচ্ছে। এদিন নাট্যশালা মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। আরও পড়ুন ‘আর হ্যাঁ, মনে রেখো আমি ডাইনি’, কেন বললেন বাঁধন দীপক কুমার জানান, আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। শিল্পকলা একাডেমিতে এ ধরনে
দেশে সিনেমা হলের সংকট দীর্ঘদিনের। বিশেষ করে স্বাধীন চলচ্চিত্রের নির্মাতারা সিনেমা নির্মাণের পর দর্শকের কাছে তা পৌঁছে দিতে গিয়ে পড়েন নানা সমস্যায়। এমন পরিস্থিতিতে বিকল্প প্রদর্শনস্থল হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত সিনেমা প্রদর্শনীর দাবি জানিয়ে আসছিলেন নির্মাতারা।
অবশেষে সেই দাবির বাস্তবায়ন শুরু হচ্ছে। এখানে টিকিট বিক্রির টাকা শিল্পকলা একাডেমি ও সিনেমার প্রযোজক পাবেন।
আগামী ১৫ আগস্ট প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী হতে যাচ্ছে। এদিন নাট্যশালা মিলনায়তনে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
দীপক কুমার জানান, আগামী শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং রাত ৮টায় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
শিল্পকলা একাডেমিতে এ ধরনের প্রদর্শনী নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে। দীপক কুমার বলেন, স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা দীর্ঘদিন ধরে শিল্পকলায় সিনেমা প্রদর্শনীর দাবি জানিয়ে আসছেন। তাঁদের সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করছি সপ্তাহে অন্তত এক দিন সিনেমা প্রদর্শনীর আয়োজন করতে। পরে আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরেও সারা দেশের শিল্পকলাগুলোতে পর্যায়ক্রমে সিনেমা প্রদর্শনীর কার্যক্রম চালু করা হবে।’
দর্শকের আগ্রহেই নতুন উদ্যোগ
এর আগে ৯ থেকে ১১ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। উৎসবে ছয়টি সিনেমা প্রদর্শিত হয়। উন্মুক্ত এই আয়োজনে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিশেষ করে ‘রইদ’, ‘মাস্তুল’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ দেখতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। আসন না পেয়ে অনেকে মিলনায়তনের মেঝে ও সিঁড়িতে বসে সিনেমা উপভোগ করেন। স্থান সংকুলান না হওয়ায় অনেকে সিনেমা না দেখেই ফিরে যান।
দর্শকের এই আগ্রহ থেকেই এবার নিয়মিতভাবে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দীপক কুমার।
তার ভাষ্য, দেশে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বাড়ছে। প্রতিবছর দেশের অনেক সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে। কিন্তু হলসংকটের কারণে সেসব সিনেমা দেশের দর্শকদের দেখানোর সুযোগ পাচ্ছেন না নির্মাতারা।
দীপক কুমার বলেন, ‘শিল্পকলায় সিনেমা প্রদর্শনীর আয়োজন পুরোদমে চালু করতে পারলে এ দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন পথ তৈরি হবে। এ ছাড়া তিন দিনব্যাপী উৎসবের সময় দেখা গেছে, শিল্পকলায় সিনেমা দেখতে দর্শকেরাও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ফলে এটা দর্শকের জন্যও ভালো হবে বলে বিশ্বাস করি।’
প্রযোজকেরা পাবেন টিকিটের ৭০ শতাংশ
প্রথম প্রদর্শনী থেকে পাওয়া পুরো অর্থই প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে নীতিমালা চূড়ান্ত হলে টিকিট বিক্রির অর্থ ভাগাভাগির একটি কাঠামো থাকবে।
দীপক কুমার জানান, নীতিমালা অনুযায়ী টিকিট বিক্রির ৭০ শতাংশ অর্থ পাবেন প্রযোজকেরা। বাকি ৩০ শতাংশ যাবে শিল্পকলা একাডেমিতে।
সিনেমা প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে শিল্পকলা একাডেমির। এর মাধ্যমে স্বাধীন চলচ্চিত্রের প্রদর্শনের সুযোগ বাড়ানোর পাশাপাশি নির্মাতা ও দর্শকদের মধ্যে আরও সংযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলআইএ
What's Your Reaction?

