৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও জরুরি বিভাগে শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী চিকিৎসকেরা। দাবি বাস্তবায়নে আগামীকাল শুক্রবার রাত পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে নির্দিষ্ট কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলা পর্যায়ে দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার (মাত্র ১,০০০ জন ট্রেইনি) বিধান রাখা হয়েছে। চিকিৎসকদের দাবি, এই সিদ্ধান্তগুলো অন্যায্য ও বাস্তবতাবিবর্জিত। মানববন্ধনে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ৬ দফা দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও জরুরি বিভাগে শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী চিকিৎসকেরা। দাবি বাস্তবায়নে আগামীকাল শুক্রবার রাত পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে নির্দিষ্ট কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলা পর্যায়ে দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার (মাত্র ১,০০০ জন ট্রেইনি) বিধান রাখা হয়েছে। চিকিৎসকদের দাবি, এই সিদ্ধান্তগুলো অন্যায্য ও বাস্তবতাবিবর্জিত।
মানববন্ধনে চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, ‘যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। তবে দাবিগুলো উপেক্ষা করা হলে শনিবার থেকে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের সমন্বয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো— গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া; স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন; ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৯ম গ্রেডের সমমান করা ও বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন।
এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করা; ‘বিএমডিসি আইন-২০২৫’–কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করা; ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামান মোহাম্মদ নুরশাদ, সহ-সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ ওমাইর, ইন্টার্ন কল্যাণ সম্পাদক নুসাইবা নুরাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?