ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির সাধনার পর ঈদের দিনটি যেন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার। তাই ঈদ কেবল উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা প্রকাশ, ভ্রাতৃত্ব জাগরণ এবং মানবিকতার চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ। ইসলামে রমজানের গুরুত্ব অত্যন্ত গভীর। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩) এই এক মাসের আত্মসংযম, ধৈর্য ও ইবাদতের মধ্য দিয়ে একজন মুমিন তার আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। সেই সাধনার পর ঈদের দিন আসে আনন্দ ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে। ঈদের সকালে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেন। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হলো সাদাকাতুল ফিতর বা ফিতরা। ইসলামের নির্দেশনা অনুযায়ী, ঈদের নামাজের আগে সামর্থ্যবান মুসলমানদের ফিতরা আদায় করতে হয়, যাতে সম

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে আসে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির সাধনার পর ঈদের দিনটি যেন আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার। তাই ঈদ কেবল উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা প্রকাশ, ভ্রাতৃত্ব জাগরণ এবং মানবিকতার চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ।

ইসলামে রমজানের গুরুত্ব অত্যন্ত গভীর। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩)

এই এক মাসের আত্মসংযম, ধৈর্য ও ইবাদতের মধ্য দিয়ে একজন মুমিন তার আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। সেই সাধনার পর ঈদের দিন আসে আনন্দ ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে। ঈদের সকালে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেন।

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হলো সাদাকাতুল ফিতর বা ফিতরা। ইসলামের নির্দেশনা অনুযায়ী, ঈদের নামাজের আগে সামর্থ্যবান মুসলমানদের ফিতরা আদায় করতে হয়, যাতে সমাজের দরিদ্র মানুষও ঈদের আনন্দে শরিক হতে পারেন।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু য়ালাইহি ওয়াসাল্লাম) স্বাধীন-দাস ছোট-বড় নারী-পুরুষ সব মুসলমানের জন্য গম বা খেজুরের এক সা (৩ কেজি ২৭০ গ্রাম) সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক করে দিয়েছেন। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। (বোখারি : ১৫০৩)

ঈদের দিন মুসলমানদের জন্য কিছু সুন্নত আমলও রয়েছে। যেমন- সকালে গোসল করা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর খাওয়া এবং তাকবির পাঠ করা।

হজরত আনাস ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক বর্ণনায় আনাস (রা.) নবীজি সাল্লাল্লাহু য়ালাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি তা বিজোড় সংখ্যা খেতেন। (বোখারি : ৯৫৩)

ঈদ শুধু ব্যক্তিগত আনন্দের নাম নয়; এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, সম্পর্কের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে।

আজকের ব্যস্ত ও যান্ত্রিক জীবনে অনেক সময় মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়। ঈদ সেই দূরত্ব কমিয়ে আনে, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ সৃষ্টি করে। তাই ঈদের শিক্ষা হলো, ক্ষমা, সহমর্মিতা ও ভালোবাসার চর্চা করা।

পবিত্র ঈদুল ফিতর আমাদের শেখায়, সংযম, মানবতা ও ভ্রাতৃত্বের চেতনায় গড়ে উঠুক সমাজ। ঈদের আনন্দ শুধু ঘরের ভেতর সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে।

ধনী-গরিব, শহর-গ্রাম—সব ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দে অংশ নিতে পারে। সবার জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে।

লেখক : মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

সাবেক সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow