কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের নাটকীয় দুই ম্যাচের পর সম্ভাব্য শিরোপা জয়ের দৌড়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইউরোপের চার পরাশক্তির লড়াই শেষে ব্রিটিশ ক্রীড়া তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২০২৫-২৬ মৌসুমের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্যারিস সেইন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটি পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর গোলবন্যায়। পার্ক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিত সেই লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। নয় গোলের এই ম্যাচে সাতজন ভিন্ন খেলোয়াড়ের গোল ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর ২৪ ঘণ্টা পর আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় মেত্রোপলিতানো স্টেডিয়ামে। তুলনামূলক কম আক্রমণাত্মক হলেও ম্যাচটি ছিল কৌশলনির্ভর। ভিক্টর ইয়োকেরেস ও হুলিয়ান আলভারেজের সফল পেনাল্টিতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। সেমিফাইনালের প্রথম লেগ শেষে অপ্টার সুপারকম্পিউটার এখনো আর্সেনালকেই শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে। তাদের সম্ভাবনা ধরা হয়েছে ৩৯.১৩ শতাংশ। পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং এখন পর্যন্ত অপরাজিত থাক

কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের নাটকীয় দুই ম্যাচের পর সম্ভাব্য শিরোপা জয়ের দৌড়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইউরোপের চার পরাশক্তির লড়াই শেষে ব্রিটিশ ক্রীড়া তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২০২৫-২৬ মৌসুমের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্যারিস সেইন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটি পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর গোলবন্যায়। পার্ক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিত সেই লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। নয় গোলের এই ম্যাচে সাতজন ভিন্ন খেলোয়াড়ের গোল ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এর ২৪ ঘণ্টা পর আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় মেত্রোপলিতানো স্টেডিয়ামে। তুলনামূলক কম আক্রমণাত্মক হলেও ম্যাচটি ছিল কৌশলনির্ভর। ভিক্টর ইয়োকেরেস ও হুলিয়ান আলভারেজের সফল পেনাল্টিতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। সেমিফাইনালের প্রথম লেগ শেষে অপ্টার সুপারকম্পিউটার এখনো আর্সেনালকেই শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে। তাদের সম্ভাবনা ধরা হয়েছে ৩৯.১৩ শতাংশ। পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ডই গানার্সদের এগিয়ে রেখেছে। মাইকেল আর্তেতার দল লিগ পর্বের পর নকআউটে শক্ত প্রতিপক্ষদের হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেই, যাদের সম্ভাবনা ৩০.৮৩ শতাংশ। লিগ পর্বে কিছুটা অনিয়মিত পারফরম্যান্স থাকলেও নকআউট পর্বে তারা দুর্দান্ত আক্রমণভাগের প্রদর্শনী করেছে। লুইস এনরিকের দল ইতোমধ্যে একাধিক শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় জানিয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বায়ার্ন মিউনিখও খুব বেশি পিছিয়ে নেই। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২২.২০ শতাংশ। ভিনসেন্ট কোম্পানির দল কোয়ার্টার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও প্রথম লেগে হারের কারণে এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, মাত্র ৭.৮৪ শতাংশ। তবুও দিয়েগো সিমিওনের শিষ্যরা এর আগেও অপ্রত্যাশিত ফল এনে চমক দেখিয়েছে, ফলে তাদের পুরোপুরি হিসাবের বাইরে রাখা যাচ্ছে না। ফাইনালে ওঠার সম্ভাবনার দিক থেকেও অপ্টা এগিয়ে রেখেছে আর্সেনাল ও পিএসজিকে। দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আর্সেনালের সম্ভাবনা ধরা হয়েছে ৭৬.১৪ শতাংশ। অন্যদিকে বায়ার্নের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থাকা পিএসজির সম্ভাবনা ৬০.৯৫ শতাংশ। সবমিলিয়ে সেমিফাইনালের প্রথম লেগের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড় আরও জমে উঠেছে। সামনে দ্বিতীয় লেগে নাটকীয় প্রত্যাবর্তন কিংবা নতুন চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে পরিসংখ্যান বলছে, বুদাপেস্টের ফাইনালের পথে এই মুহূর্তে এগিয়ে রয়েছে আর্সেনাল ও পিএসজি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow