চোখজুড়ানো সৌন্দর্যে মন ভোলাচ্ছে শিরীষ ফুল

প্রকৃতির সবচেয়ে কোমল ভাষা যেন ফুল। কোনো শব্দ ছাড়াই ছড়িয়ে দেয় ভালোলাগা, মুগ্ধতা আর প্রশান্তি। ঋতুর পালাবদলের সঙ্গে নানা রঙের ফুলে সেজে ওঠে প্রকৃতি, আর সেই সৌন্দর্যের টানেই মানুষ আকৃষ্ট হয় ফুলের সম্মোহনী মায়ায়। ফুলের পাপড়িতে মানুষ খুঁজে নেয় হৃদয়ের প্রশান্তি।  তাই যুগে যুগে ফুল শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, মানুষের আবেগ, ভালোবাসা ও নির্মল অনুভূতিরও অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। প্রকৃতির কোমল এই উপহার মানুষের হৃদয়ে ছড়িয়ে দেয় অনাবিল আনন্দের বার্তা। ফুলের রং, সৌরভ আর কোমল স্পর্শ যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর, সজীব ও অর্থবহ করে তোলে। এমনই চোখজুড়ানো এক মায়াবী সৌন্দর্যের নাম শিরীষ ফুল। বর্ষার শুরু থেকে মাঝামাঝি সময়ে বিশাল শিরীষ গাছজুড়ে ফুটে ওঠা ঈষৎ হলুদাভ তুলোর মতো কোমল ফুল দূর থেকেই দৃষ্টি কাড়ে। হালকা বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন সবুজ পাতার ফাঁকে ভেসে থাকা মেঘের টুকরো। পথচারী, প্রকৃতি ও ফুলপ্রেমী এবং স্থানীয় বাসিন্দারা এ ফুলের নৈসর্গিক মুগ্ধতা উপভোগ না করে পারেন না।  সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কের পাশে, গ্রামের কাঁচা পথ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ও বাড়িঘরের আশপাশের শি

চোখজুড়ানো সৌন্দর্যে মন ভোলাচ্ছে শিরীষ ফুল

প্রকৃতির সবচেয়ে কোমল ভাষা যেন ফুল। কোনো শব্দ ছাড়াই ছড়িয়ে দেয় ভালোলাগা, মুগ্ধতা আর প্রশান্তি। ঋতুর পালাবদলের সঙ্গে নানা রঙের ফুলে সেজে ওঠে প্রকৃতি, আর সেই সৌন্দর্যের টানেই মানুষ আকৃষ্ট হয় ফুলের সম্মোহনী মায়ায়। ফুলের পাপড়িতে মানুষ খুঁজে নেয় হৃদয়ের প্রশান্তি। 

তাই যুগে যুগে ফুল শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, মানুষের আবেগ, ভালোবাসা ও নির্মল অনুভূতিরও অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। প্রকৃতির কোমল এই উপহার মানুষের হৃদয়ে ছড়িয়ে দেয় অনাবিল আনন্দের বার্তা। ফুলের রং, সৌরভ আর কোমল স্পর্শ যেন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর, সজীব ও অর্থবহ করে তোলে।

এমনই চোখজুড়ানো এক মায়াবী সৌন্দর্যের নাম শিরীষ ফুল। বর্ষার শুরু থেকে মাঝামাঝি সময়ে বিশাল শিরীষ গাছজুড়ে ফুটে ওঠা ঈষৎ হলুদাভ তুলোর মতো কোমল ফুল দূর থেকেই দৃষ্টি কাড়ে। হালকা বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন সবুজ পাতার ফাঁকে ভেসে থাকা মেঘের টুকরো। পথচারী, প্রকৃতি ও ফুলপ্রেমী এবং স্থানীয় বাসিন্দারা এ ফুলের নৈসর্গিক মুগ্ধতা উপভোগ না করে পারেন না। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কের পাশে, গ্রামের কাঁচা পথ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ও বাড়িঘরের আশপাশের শিরীষ গাছজুড়ে ফুটে আছে ফুল। এ যেন সৌন্দর্যের এক হৃদয়ছোঁয়া আবহ। সকালের কোমল আলো কিংবা বিকেলের মিষ্টি রোদে এসব ফুলের রূপ যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। এ সৌন্দর্য অনেকেই মোবাইল ফোনে বন্দী করছেন। কেউ আবার ফুলের সঙ্গে নিজের ছবিও বন্দী করছেন মুঠোফোনে। কেউ কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই মন ভোলানো অনন্য সৃষ্টি। শিশু থেকে প্রবীণ, সব বয়সের মানুষকেই আকৃষ্ট করছে এ ফুল। শিরীষ ফুল এখন যেন এক অনন্য আকর্ষণের নাম। 

জানা গেছে, শিরীষ গাছের বৈজ্ঞানিক নাম আলবিজিয়া লেবেক এটি ফ্যাবাসি পরিবারের একটি পরিচিত বৃক্ষ। এটি কড়ই, সৃষ্টিকড়ই বা এন্ডিকড়ই নামেও পরিচিত। ইন্দোমালায় অঞ্চল, নিউ গিনি ও উত্তর অস্ট্রেলিয়া এ গাছের আদি নিবাস হলেও বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিস্তৃতি ঘটেছে। বাংলাদেশেও ছায়াদানকারী বৃক্ষ হিসেবে শিরীষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। 

শিরীষ গাছ প্রায় ১৮ থেকে ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতা ঘন ও গাছের উপরিভাগ ছাতার মত বিস্তৃত হওয়ায় গ্রীষ্মের দাবদাহে পথচারীদের জন্য স্বস্তির ছায়া তৈরি করে। গাছে ফোটা ঈষৎ হলুদাভ রঙের কোমল ফুলের সুইয়ের মতো সরু দীর্ঘ পুংকেশরই এর সৌন্দর্যের মূল আকর্ষণ। ফুল ঝরে যাওয়ার পর গাছে ঝুলে থাকে চ্যাপ্টা ফল, যার ভেতরে বোতামের মতো গোলাকার বীজ থাকে। 

সৌন্দর্যের পাশাপাশি শিরীষ গাছের রয়েছে পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্বও। এটি মাটির উর্বরতা রক্ষায় সহায়ক, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং এর কাঠ আসবাবপত্র ও বিভিন্ন নির্মাণকাজে ব্যবহৃত হয়। বিশ্বের বিভিন্ন দেশে ছায়াদানকারী বৃক্ষ হিসেবেও শিরীষ গাছের ব্যাপক চাষ করা হয়। এছাড়াও এ গাছের রয়েছে ভেষজ গুণাগুণ।  

স্থানীয় কলেজ শিক্ষার্থী ও ফুলপ্রেমী ইসরাত ফাবিহা বলেন, শিরীষ ফুলের সৌন্দর্য অন্যসব ফুল থেকে একেবারেই আলাদা। দূর থেকে দেখলে মনে হয় গাছের ডালে মেঘ জমে আছে। যখন বাতাসে ফুলগুলো দুলতে থাকে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটি জীবন্ত ছবি এঁকেছে। এমন দৃশ্য মনকে প্রশান্ত করে, তাই সুযোগ পেলেই শিরীষ গাছের নিচে কিছু সময় কাটাই, ফুলের সৌন্দর্য উপভোগ করি।   

স্থানীয় বাসিন্দা সোহেল ইসলাম বলেন, শিরীষ গাছের ফুল দেখতে বেশ সুন্দর। পুরো গাছজুড়ে ফুল ফোটে। এ এক চমকপ্রদ দৃশ্য। এই ফুল প্রকৃতির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের বাড়ির পাশে দুটি শিরীষ গাছ রয়েছে, নিজের অজান্তেই ফুলগুলোর দিকে চোখ চলে যায়। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, ইউনানী চিকিৎসাশাস্ত্রে নানা রোগের ওষুধ হিসেবে শিরীষ গাছের ছাল, মূল ও বীজ দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে একজিমা, হাঁপানি, বিষাক্ত পোকামাকড়ের কামড়ের কিছু উপসর্গ এবং মাড়ি শক্ত করার মতো বিভিন্ন প্রয়োজনে এটি ব্যবহারে প্রচলন রয়েছে। তবে এসব ব্যবহার অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পারামর্শ অনুযায়ী হওয়া উচিত।

তিনি আরও বলেন, শিরীষ ফুল দেখতে বেশ সুন্দর। সহজেই মানুষকে আকৃষ্ট করে। প্রকৃতির এই অপার সৌন্দর্য শুধু চোখের প্রশান্তিই দেয় না, মানুষের মনে সৃষ্টি করে নির্মল অনুভূতিরও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow