দারভাঙ্গা খাল: জোয়ার-ভাটার নীরব স্বর্গ
ট্রলারের ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল। সামনে খালের বাঁক ঘুরতেই চোখের সামনে ভেসে উঠলো সবুজের এক বিশাল দেওয়াল। দুই তীরজুড়ে কেওড়া-গেওয়ার ঘন বন, মাঝখানে শান্ত জলরাশি। মনে হচ্ছিল, জল আর বন মিলে যেন তৈরি করেছে এক গোপন রাজ্য। হাতে ধরা ক্যামেরাটা যেন নীরবে বলছিল—‘আমি প্রস্তুত, এই সৌন্দর্যকে বন্দি করতে।’ সেই মুহূর্তেই শুরু হলো দারভাঙ্গা খালকে নতুন করে আবিষ্কারের যাত্রা। বাংলাদেশের দক্ষিণ উপকূলে এমন কিছু জায়গা আছে; যেখানে প্রকৃতি এখনো মানুষের চেয়ে বেশি কথা বলে। যেখানে বাতাসে মিশে থাকে সমুদ্রের লবণাক্ত গন্ধ, নদীর বুকে বাজতে থাকে জোয়ার-ভাটার সুর, আর দিগন্তজোড়া সবুজের বিস্তার তৈরি করে অনন্য সৌন্দর্য। প্রকৃতি যেখানে অকৃপণ হাতে তার রূপের পসরা সাজিয়ে বসে; সেখানেই জন্ম নেয় জীবনসংগ্রাম ও সৌন্দর্যের অনবদ্য মেলবন্ধন। পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা খাল তেমনই বিস্ময়কর জলভূমি, অনিন্দ্য সুন্দর উপকূলীয় উপাখ্যান। শহুরে কোলাহল থেকে বহুদূরে, পটুয়াখালী জেলার সবচেয়ে দক্ষিণের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর ৪ নম্বর চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে অবস্থিত এ খাল। ভৌগোলিক অবস্থানের কারণে
ট্রলারের ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল। সামনে খালের বাঁক ঘুরতেই চোখের সামনে ভেসে উঠলো সবুজের এক বিশাল দেওয়াল। দুই তীরজুড়ে কেওড়া-গেওয়ার ঘন বন, মাঝখানে শান্ত জলরাশি। মনে হচ্ছিল, জল আর বন মিলে যেন তৈরি করেছে এক গোপন রাজ্য। হাতে ধরা ক্যামেরাটা যেন নীরবে বলছিল—‘আমি প্রস্তুত, এই সৌন্দর্যকে বন্দি করতে।’ সেই মুহূর্তেই শুরু হলো দারভাঙ্গা খালকে নতুন করে আবিষ্কারের যাত্রা।
বাংলাদেশের দক্ষিণ উপকূলে এমন কিছু জায়গা আছে; যেখানে প্রকৃতি এখনো মানুষের চেয়ে বেশি কথা বলে। যেখানে বাতাসে মিশে থাকে সমুদ্রের লবণাক্ত গন্ধ, নদীর বুকে বাজতে থাকে জোয়ার-ভাটার সুর, আর দিগন্তজোড়া সবুজের বিস্তার তৈরি করে অনন্য সৌন্দর্য। প্রকৃতি যেখানে অকৃপণ হাতে তার রূপের পসরা সাজিয়ে বসে; সেখানেই জন্ম নেয় জীবনসংগ্রাম ও সৌন্দর্যের অনবদ্য মেলবন্ধন। পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা খাল তেমনই বিস্ময়কর জলভূমি, অনিন্দ্য সুন্দর উপকূলীয় উপাখ্যান।
শহুরে কোলাহল থেকে বহুদূরে, পটুয়াখালী জেলার সবচেয়ে দক্ষিণের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর ৪ নম্বর চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে অবস্থিত এ খাল। ভৌগোলিক অবস্থানের কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুড়াগৌরাঙ্গ ও তেঁতুলিয়া নদীর জলধারা এবং বঙ্গোপসাগরের মোহনার সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় প্রতিদিন জোয়ার-ভাটার ছন্দে বদলে যায় এর রূপ। পরিবর্তনশীল জলরেখাই যেন দারভাঙ্গার সবচেয়ে বড় পরিচয়।
খালের বুকে যেমন প্রথম দেখা
দারভাঙ্গা খালের দিকে ট্রলার এগোতেই চোখে পড়ে দুই তীরজুড়ে বিস্তৃত সবুজ বনানী। দূর থেকে মনে হয়, যেন পানির ধারে দাঁড়িয়ে আছে দীর্ঘ সবুজ প্রাচীর। কোথাও কেওড়া, কোথাও গেওয়া, কোথাও বা ঘন ঝোপঝাড়ে ঢাকা ম্যানগ্রোভ বন। পানির কোলঘেঁষে জন্মানো গাছগুলো শুধু উপকূলকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে না, একই সঙ্গে বিলিয়ে দেয় চোখ জুড়ানো সৌন্দর্য।
খালের বাঁক ঘেঁষে কোথাও কচি ঘাসে ঢাকা চরভূমি নেমে এসেছে পানির কিনারে, কোথাও আবার জোয়ারের স্রোতে কেটে যাওয়া মাটির স্তর প্রকৃতির নিজস্ব শিল্পকর্মের মতো ফুটে উঠেছে। আকাশে ভেসে চলা মেঘ যখন শান্ত জলের গায়ে ছায়া ফেলে; তখন চারপাশে তৈরি হয় মায়াবী পরিবেশ। বনের গাছের ডাল কোথাও কোথাও পানির দিকে ঝুঁকে পড়ে যেন খালের সঙ্গে গোপন আলাপ করছে।
নৌকা যত ভেতরের দিকে যেতে থাকে; ততই স্পষ্ট হয় এ অঞ্চলের নীরব সৌন্দর্য। খালের জল চিরে ধীরে ধীরে এগিয়ে চলে ছোট ট্রলার, মাছ ধরার নৌকা কিংবা স্থানীয় যাত্রীবাহী জলযান। নদী ও খালের সংযোগস্থলে বাতাসে মিশে থাকে এক ধরনের নির্মল নীরবতা, যা শহরের ব্যস্ত জীবনে খুঁজে পাওয়া যায় না।
মানুষ, প্রকৃতি ও জীবনের সহাবস্থান
দারভাঙ্গা খালের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু এর প্রাকৃতিক রূপে নয় বরং মানুষ ও প্রকৃতির নিবিড় সহাবস্থানে। এ খালকে ঘিরেই গড়ে উঠেছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকা। কেউ মাছ ধরেন, কেউ কাঁকড়া সংগ্রহ করেন, কেউবা নৌকায় করে পণ্য পরিবহন করেন। অনেকের কাছে এটি কর্মস্থল, আবার অনেকের কাছে এটি জীবনধারনের একমাত্র অবলম্বন।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর হওয়ার আগেই তারা নৌকা নিয়ে খালের বুকে নেমে পড়েন। জোয়ার-ভাটার সময় বুঝে জাল ফেলেন, কাঁকড়ার ফাঁদ পাতেন। একজন প্রবীণ জেলে বলছিলেন, ‘এই খালই আমাদের সংসার চালায়। মাছ-কাঁকড়া না থাকলে আমাদের জীবনও থেমে যেত।’
সমুদ্রের মোহনার কাছাকাছি হওয়ায় এখানে লোনা ও মিঠা পানির অনন্য মিশ্রণ তৈরি হয়েছে। ফলে নানা প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এ খালে। পাশাপাশি প্রচুর কাঁকড়াও ধরা পড়ে, যা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এখানকার সংগৃহীত কাঁকড়া ও মাছ স্থানীয় বাজারের চাহিদা পূরণ করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও সরবরাহ করা হয়।
খালের পাড়ে চোখে পড়ে আরেকটি পরিচিত দৃশ্য। সবুজ ঘাসে নিশ্চিন্তে চরছে গরু-মহিষ। কোথাও মা গরুর পাশে শুয়ে আছে বাছুর। চারপাশে সবুজ বনভূমি আর সামনে জলরাশি—দৃশ্যটি যেন বাংলার চিরায়ত গ্রামীণ জীবনের জীবন্ত প্রতিচ্ছবি।
জীববৈচিত্র্যের নিরাপদ আশ্রয়
দারভাঙ্গা খাল শুধু মানুষের জীবনকে সমৃদ্ধ করেনি, এটি হয়ে উঠেছে উপকূলীয় জীববৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। খালের দুই পাড়ের কেওড়া ও গেওয়া বনে আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির পাখি। ভোর কিংবা বিকেলে দেখা মেলে সাদা বক, মাছরাঙা, পানকৌড়ি ও নানা জলচর পাখির। জোয়ারের সময় খালের পানিতে বিচরণ করে বিভিন্ন মাছ ও জলজ প্রাণী। ভাটার সময় কাদামাটির চরে দেখা যায় কাঁকড়ার অসংখ্য গর্ত। প্রকৃতিপ্রেমীর জন্য দৃশ্যগুলো অনন্য অভিজ্ঞতা। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়, অনুভব করা যায় তার স্বাভাবিক ছন্দ।
জোয়ার-ভাটার রঙিন নাট্যমঞ্চ
দারভাঙ্গা খালের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর জোয়ার-ভাটার খেলা। জোয়ার এলে খালের জল বেড়ে গিয়ে চরভূমির কিনারা ছুঁয়ে যায়। মনে হয়, সবুজ আর জল একাকার হয়ে গেছে। আবার ভাটার সময় ধীরে ধীরে উন্মোচিত হয় কাদামাটি, ঘাসে ঢাকা তীর এবং ছোট ছোট চরাঞ্চল। কয়েক ঘণ্টার ব্যবধানে পুরো দৃশ্যপট বদলে যায়। এ পরিবর্তন শুধু দর্শনীয় নয় বরং এখানকার জীববৈচিত্র্য ও অর্থনীতিরও ভিত্তি। মাছ, কাঁকড়া, জলজ প্রাণী ও পাখির জীবনচক্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে জোয়ার-ভাটার ছন্দ।
সূর্যাস্তের শেষ আলো
বিকেলের দিকে যখন সূর্যের আলো কোমল হয়ে আসে; তখন দারভাঙ্গা খাল যেন নতুন করে সেজে ওঠে। পানির ওপর ছড়িয়ে পড়ে সোনালি আভা। দূরের কেওড়া বন আরও উজ্জ্বল হয়ে ওঠে। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ছায়া পড়ে খালের জলে। ট্রলারের ডেকে বসে সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না। মনে হয়, প্রকৃতি এখানে এখনো তার আদিম রূপ ধরে রেখেছে—নগর সভ্যতার কৃত্রিমতা ও ব্যস্ততা থেকে বহু দূরে।
অর্থনীতির নীরব চালিকাশক্তি
দারভাঙ্গা খালকে স্থানীয়রা শুধু একটি খাল হিসেবে দেখেন না; এটি তাদের জীবনরেখা। চরের প্রান্তিক মানুষের জন্য এ জলপথই প্রধান যোগাযোগমাধ্যম। রাস্তা-ঘাটের সীমাবদ্ধতা কাটিয়ে মালামাল পরিবহন, বাজারে যাতায়াত, মাছ ও কাঁকড়া আনা-নেওয়া—সবকিছুতেই এ খালের ভূমিকা অপরিসীম।
খালের বুক বেয়ে প্রতিদিন চলাচল করে ছোট-বড় ট্রলার, ইঞ্জিনচালিত নৌকা ও মাছ ধরার জলযান। বর্ষাকালে যখন অনেক স্থলপথ অচল হয়ে পড়ে; তখন এ খালই হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য পথ। তাই স্থানীয় অর্থনীতির নীরব চালিকাশক্তি হিসেবে দারভাঙ্গা খালের গুরুত্ব অনস্বীকার্য।
ভ্রমণপিপাসুদের অনাবিষ্কৃত গন্তব্য
বাংলাদেশের পর্যটন মানচিত্রে দারভাঙ্গা খালের নাম এখনো খুব বেশি পরিচিত নয়। কিন্তু যারা প্রকৃতির নৈঃশব্দ্য, ম্যানগ্রোভ বন, নদী-খাল, চরাঞ্চলের জীবন এবং জোয়ার-ভাটার অপূর্ব রূপ কাছ থেকে দেখতে চান; তাদের জন্য এটি হতে পারে অনন্য গন্তব্য। ট্রলারে করে খালের শান্ত বুক চিরে বনের গভীরে এগিয়ে যাওয়ার অনুভূতি সত্যিই ব্যতিক্রম। মাথার ওপর নীল আকাশ, দুপাশে সবুজ কেওড়া বন, সামনে আঁকাবাঁকা জলপথ—সব মিলিয়ে এটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। এখানে বিলাসবহুল রিসোর্ট নেই, নেই জমকালো পর্যটনকেন্দ্র। আছে নদীর স্বচ্ছন্দ গতি, কাঁকড়া ধরতে যাওয়া মানুষের গল্প, জেলেদের সংগ্রামী জীবন, চরাঞ্চলের সরলতা এবং অবারিত সবুজে ঘেরা নির্মল পৃথিবী।
কীভাবে যাবেন
পটুয়াখালী জেলা সদর অথবা গলাচিপা থেকে লঞ্চ, স্পিডবোট কিংবা নৌপথে প্রথমে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৌঁছাতে হবে। সেখান থেকে স্থানীয় মোটরসাইকেল বা ট্রলারে সহজেই যাওয়া যায় দারভাঙ্গা গ্রাম ও দারভাঙ্গা খালে।
সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে; তখন দারভাঙ্গা খালের জলে শেষ আলোর ঝিলিক নেচে ওঠে। জাল গুটিয়ে ঘরে ফেরেন জেলেরা, ধীরগতিতে চলে ট্রলার, নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কেওড়া বন। সেই মুহূর্তে মনে হয়, দারভাঙ্গা আসলে একটি খাল নয়; এটি দক্ষিণ বাংলার জল, বন, মানুষ ও জীবনের জীবন্ত কবিতা। প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য যে কৃত্রিমতায় নয় বরং সরলতায়—দারভাঙ্গা খাল তারই অনুপম উদাহরণ।
এসইউ
What's Your Reaction?